হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি
রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। আগামী ৪০ থেকে ৭২ ঘণ্টার মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, ভোরে হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একটি ‘অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত’ ঘটনা ঘটে। সেখানে চিকিৎসাধীন ১১ জন মায়ের মধ্যে ছয় নবজাতক মায়ের সঙ্গেই ছিল। শিশুদের বয়স ছিল এক থেকে তিন দিনের মধ্যে।
পরিদর্শনে গিয়ে ওয়ার্ডের পরিবেশ ‘সাফোকেটিভ’ বা দমবন্ধকর মনে হয়েছে বলে জানান মহাপরিচালক। তাঁর ভাষ্য, ওয়ার্ডে এসি বন্ধ হলে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা ছিল না। এসির জটিলতা বা অন্য কোনো কারিগরি ত্রুটির বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, চিকিৎসা ব্যবস্থাপনা, অবকাঠামোগত ত্রুটি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন