সোমবার, জুন ২২, ২০২৬

হর্ন বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

সোনার দেশ ডেস্ক ২৯ মে ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ মে ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন
হর্ন বাজানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে বাকবিতণ্ডার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার হোসেন (৪০) একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।


শুক্রবার (২৯ মে) ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।


জানা গেছে, নিহত দেলোয়ার হোসেন হরিণাকুন্ডুর হরিশপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক।


‎পুলিশ ও স্থানীয়রা জানায়, ইদের দিন বিকেলে হরিনাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের বরইতলা মাঠে মোটরসাইকেলের হর্ণ বাজানো নিয়ে পার্শ্ববর্তী পাখিমারা গ্রামের লাল্টুর সঙ্গে হরিশপুর গ্রামে শুভ হোসেনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষের জড়িয়ে পড়ে। এসময় হরিশপুর গ্রামের দেলোয়ার হোসেন, আবু তালেব ও পাখিমারা গ্রামের মশা ফকির, মাহবুব, বাদশাসহ ৮ জন আহত হয়।


‎পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হরিনাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে কুষ্টিয়া মেডিকেলে ও আবু তালেবকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করে। পরে সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন মারা যান।


‎হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- ভারপ্রাপ্ত) অসিত কুমার বলেন, মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। দেলোয়ার হোসেন নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।


তথ্যসূত্র: জাগোনিউজ