বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে রাসিক প্রশাসকের ইদের শুভেচ্ছা বিনিময়
পবিত্র ইদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকবৃন্দ, বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে ইদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুক্রবার (২৯ মে) বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত নগরভবনে প্রশাসক দপ্তর কক্ষে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি আগত অতিথিবৃন্দ প্রশাসককে ইদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাসিক প্রশাসক আগত অতিথিবৃন্দের সাথে ইদের আনন্দ ভাগাভাগি করেন এবং সবাইকে শুভেচ্ছা জানান।
এ সময় রাসিক প্রশাসক পবিত্র ইদুল আজহায় কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে রাজশাহী মহানগরীকে ঝকঝকে পরিস্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীসহ রাসিকের পরিচ্ছন্ন বিভাগসহ সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজশাহী মহানগরীকে একটি সুন্দর, আরো পরিচ্ছন্ন, বাসযোগ্য, আধুনিক ও তিলোত্তমা নগরী রূপে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে রাসিক প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমেদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ই-সাঈদ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, প্রধান কর নির্ধারক গোলাম রাব্বানী, রাসিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, মহানগর বিএনপির নেতৃবৃন্দ অন্তর্গত থানা ও বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, রাসিকের স্বাস্থ্যকর্মী, রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ড সচিবগণ, রাজশাহী মহানগর বিএনপির রেডক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিট, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার নাগরিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#