সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

বগুড়া প্রতিনিধি: ৩০ মে ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি: ৩০ মে ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
বগুড়ায় এনসিপি নেতাকে জুতাপেটার ভিডিও ভাইরাল, দল থেকে অব্যাহতি

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটা করেছে এক নারী প্রশিক্ষণার্থী। এ সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ায় ঘটনায় দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সঙ্গে ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছে।


এনসিপি থেকে সদ্য অব্যাহতি পাওয়া নেতার নাম আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


শুক্রবার (২৯ মে) রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়।


এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।সেখানে দেখা যায় এক নারী এনসিপি নেতা আলী আজম সাব্বিরকে উপুর্যপরী জুতা পেটা করছেন। ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। তার বিরুদ্ধে কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণ ও মোবাইল ফোনে আপত্তিকর বার্তা পাঠানো এবং অশ্লীল ভাষায় কথা বলার অভিযোগ ওঠে।


অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাকে টিটিসির একটি কক্ষে আটকে রাখেন। পরে এক নারী প্রশিক্ষণার্থী তাকে জুতা দিয়ে মারেন। এসময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করেন বলে জানা গেছে।


বগুড়া টিটিসির ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, নারী প্রশিক্ষণার্থীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগের পর ঘটনাটি ঘটে। পরে আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে কর্তৃপক্ষের কাছে লিখিত অঙ্গীকারনামা জমা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।  


এদিকে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরপরই আলী আজম সাব্বিরকে সংগঠনের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।পাশাপাশি তার অবস্থান ব্যাখা করার জন্য তিন দিনের সময় দেয়া হয়েছে।