জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে কাশিয়াডাঙ্গা থানা বিএনপির আলোচনা সভা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে কাশিয়াডাঙ্গা থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় নগরীর কোর্ট ঢালান মোড়ে বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর অবিস্মরণীয় অবদান নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ওয়ালিউল হক রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা শ্রমিক দলের সভাপতি সুমন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, ১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি মো. মজিদ আলী, বিএনপির সদস্য আজগর আলী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. কুতুব আলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সদস্য খাজা নূর এবং মহিলা দলের সম্পাদিকা মোছা. মনোয়ারা বেগম।
এ সময় দোয়া মাহফিল পরিচালনা করেন রাজশাহী কোর্ট জামে মসজিদ-ই-নূরের ইমাম মাওলানা নওশাদ। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।