সাত জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১১
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত সময়ের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে নাটোরের সিংড়ায় তিনজন, চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় চারজন, জয়পুরহাটে দু‘জন এবং পটুয়াখালি, গোপালগঞ্জে একজন করে দু‘জন নিহত হয়েছেন।
সিংড়ায় ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
সোমবার (১ জুন) ভোর ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সকাল ৬টার দিকে নাটোর থেকে মোটসাইকেলে তিন আরোহী সিংড়া যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে ছেড়ে আসা আম বোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলা ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও মুক্তার হোসেন হিরা নামে মোটরসাইকেলে থাকা দুই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত হয় সাইফুল ইসলাম। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে মারা যায়।
নিহত মুক্তার হোসেন হীরার বাড়ি নাটোর সদর উপজেলার ইসলাবাড়ি গ্রামে, জীবন আলীর বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামে ও সাইফুল ইসলামের বাড়ি নাটোর সদর উপজেলার আলাইপাড়া গ্রামে বলে জানায় পুলিশ।
চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় চারজন নিহত
চট্টগ্রামে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন।
চট্টগ্রামের ফটিকছড়িতে বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
সোমবার (১ জুন) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনা কবলিত বিআরটিসি বাসে আগুন দেয়।
নিহতরা হলেন- মুহাম্মদ শাহজাহান (৪৮) ও তার ছেলে মুহাম্মদ আরিফ (১৮)। তারা উপজেলার উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা।
ফটিকছড়িতে অপর সড়ক দুর্ঘটনায় আরো এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের পাইন্দং নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় বরিউল হোসেন রবি (২৪) নামে এক যুবক ঘটনাস্থলে নিহত হন। আরেক মোটরসাইকেল আরোহী সাজ্জাদ হোসেন (২৪) আহত হন।
নিহত রবি লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের ৮নং ওয়ার্ডের বাদশা আলী সিকদার বাড়ির নেজাম পাশার ছেলে। আহত সাজ্জাদ একই এলাকার মোনায়েমের ছেলে।
জানা যায়, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। পথে নয়াবাজার এলাকায় তাদের মোটরসাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির বাসের সঙ্গে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলে রবি নিহত হয় এবং আহত সাজ্জাদকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তৃতীয় সড়ক দুর্ঘটনাটি ঘটে চট্টগ্রামের বাঁশখালীতে। মাছবোঝাই একটি পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার পিএবি সড়কের মনছুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বাহাদুর আলম (২৮) কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জাহিদা ঘোনা এলাকার বাসিন্দা। তিনি এক সন্তানের জনক এবং চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক কিশোর পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় রাব্বি (১৮) ও আবির (১৬) নামে আরও দুই কিশোর আহত হয়েছেন। একই সঙ্গে মিম নামের এক পথচারীও গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার লেম্বুরবন পয়েন্ট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার কাসাপুর গ্রামের আমির হোসেন শেখের ছেলে।
জয়পুরহাটে পিকআপভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জয়পুরহাটের ক্ষেতলালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালাই উপজেলার সড়াইল খন্দকারপাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) এবং হারুঞ্জা গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)।
আহত সুরাইয়া (১৯) নিহত ইমন খন্দকারের স্ত্রী।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল ইসলাম জানান, ইমন খন্দকার তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌস হোসেনকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে পাঁচবিবি উপজেলার খালার বাসায় যাচ্ছিলেন।
পথে সড়কে খড় থাকায় মোটরসাইকেলটি পিছলে পড়ে যায়। এ সময় চানপাড়া থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানগাড়ি চালক নিহত
গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ভ্যানগাড়ি যাত্রী আহত হয়েছেন।
সোমবার (১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁর ছেলে।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মোমেনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের গোপিনাথপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যান গড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আইয়ুব খাঁ নিহত হন এবং ভ্যানগাড়ির আরও দুই যাত্রী আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
তথ্যসূত্র: সোনার দেশ, জাগোনিউজ, ঢাকাপোস্ট, বিডিনিউজ