সোমবার, জুন ২২, ২০২৬

নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামাতো-ফুপাতো তিন ভাই নিহত

নাটোর প্রতিনিধি ০১ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০১ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামাতো-ফুপাতো তিন ভাই নিহত

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামাতো-ফুপাতো তিন ভাই নিহত হয়েছেন। সোমবার (০১ জুন) সকাল সাতটার দিকে উপজেলার বন্দর এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তিনজন হলেন, লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন আলী (১৮), সদর উপজেলার ইসলাবাডি গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. হীরা (১৮) ও নাটোর আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬)। জানা যায়, ওই তিনজন ইদে মামার বাড়ি নাটোরের ইসলাবাড়ি গ্রাম থেকে সিংড়া যাচ্ছিলেন।


ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে আমের ক্রেটভর্তি একটি ট্রাক বগুড়া থেকে নাটোরে যাচ্ছিল। ট্রাকটি সিংড়া উপজেলা বন্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত হন অপর এক আরোহী। তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুর রউফ বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন।


সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নিজেদের হেফাজতে নেয়। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।