এমপির অনুদানের টাকা জানতে চাওয়ায় বহিষ্কার ছাত্রদলের দুই নেতা
রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের অনুদানের টাকার কথা জানতে চাওয়ায় বহিষ্কার হয়েছেন দুই ছাত্রদলের নেতা। একই সঙ্গে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের দুই নেতাকেও বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার করেছেন দুর্গাপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব। তবে তাদের কোনো কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি।
সোমবার (১ জুন) দুপুর তিনটার দিকে রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করেন বহিষ্কার হওয়া নেতারা। বহিষ্কৃতরা হলেন, জাতীয়তাবাদী ছাত্রদল দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক আল-আমিন রিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাদ আলী, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল, দুর্গাপুর পৌরসভার সভাপতি রেজাউল করিম ও সিনিয়র সহসভাপতি সজিব আলী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহাদ আলী। তিনি বলেন, গেল শুক্রবার (২৯ মে) কোনো নোটিস ছাড়াই আমাদের সম্পূর্ণ অসাংগঠনিক, নিয়মবহির্ভূত এবং দলীয় গঠনতন্ত্র পরিপন্থীভাবে বহিষ্কারের একটি আদেশ প্রদান করা হয়েছে। বহিষ্কারাদেশে দুর্গাপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু এবং সদস্য সচিব রেজাউল হক স্বপনের নাম স্বাক্ষর উল্লেখ করা হয়েছে। আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমাদের বহিষ্কারের কথা।
বলা হচ্ছে, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের নির্দেশে এই বহিষ্কার করা হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার বিরুদ্ধে কোনো প্রকার লিখিত অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ কিংবা সাংগঠনিক তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।
তিনি আরও বলেন, আমরা এই অন্যায় ও নিয়মবহির্ভূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ও হাইকমান্ডের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি যে, বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের ব্যবস্থা গ্রহণ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা হোক এবং যারা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।
ছাত্রদল দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক আল-আমিন রিমন বলেন, গেল মাসের ১৭ মে পৌর বিএনপির আহ্বায়কের কাছে জানতে চেয়েছিলাম এমপির অনুদানের কথা। তিনি সম্প্রতি ১০ লাখ টাকা পেয়েছেন যা সাধারণ মানুষ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে এই অনুদান দেওয়া হয়। তারা আমাকে বিষয়টি জানায়নি। এক নাগরিক হিসেবে অবশ্যই জানা দরকার। দুর্গাপুর পৌর এলাকায় কারা এই অনুদান পেয়েছে বা পাচ্ছে। শুধু এই অনুদানের বিষয়টি জানতে চাওয়ার জন্য আমাদের বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতির শাহাদৎবার্ষিকীর কোনো প্রোগ্রামে আমাদের উপস্থিত থাকতে দেয়নি। পুলিশ দিয়ে আমাদের বাধা দেওয়া হয়েছে। আমাদের বহিষ্কারের এখতিয়ার মূল দলের নেই।
বহিষ্কারের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না দুর্গাপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু। তিনি বলেন, আমি বিষয়ে কোন মন্তব্য করবো না। আপনি স্বাক্ষাতে এসে দেখা করেন। দুজনে চা খাবো। এরপর বলবো কেন বহিষ্কার করেছি।
রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার, ছাত্রদলের নেতাদের বহিষ্কার করতে পারে না বিএনপির নেতারা। এই এখতিয়ার তাদের দেওয়া হয়নি। যদি তারা কোন ভুল করে থাকে তাহলে আমাদের জানাতে পারতো। কিন্তু তারা সেই কাজ না করে সরাসরি বহিষ্কার করেছে। যা তাদের সম্মানহানী হয়েছে। আদেশেও বলা হয়নি কি কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। তাদের সঙ্গে কথা বললে বলছে এমপির নির্দেশে করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বসবো।