টানা ছুটি শেষে সরকারি অফিসগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা
ইদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলেছে অফিস-আদালত। প্রথমদিন থেকে বেশ কর্মব্যস্ততা ছিল। কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি ছিল স্বাভাবিক। এবার সরকার নির্ধারিত ইদের ছুটি শুরু হয় ২৫ মে। ইদ হয় ২৮ মে। ছুটি ছিল ৩১ মে পর্যন্ত।
সোমবার (১ জুন) রাজশাহী নগরীর বিভিন্ন সরকারি দফতর ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে ব্যাংকগুলোতে ছিল অতিরিক্ত চাপ। এদিন টাকা উত্তোলন ও জমা দেওয়ার জন্য বেশি ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ১০টায় শুরু হয় লেনদেন। তবে সকালে তেমন ভিড় না থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে ব্যাংকে। কর্মকর্তাদের বেশিরভাগই ব্যাংকে এসে ইদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
একটি ব্যাংকের কর্মকর্তা বলেন, সোমবার ব্যাংকে এখন নগদ টাকা জমা ও উত্তোলনের বেশ চাপ ছিল। ব্যবসায়িক কার্যক্রমের জন্যই বেশিরভাগ গ্রাহক ব্যাংকে আসেন। টানা বন্ধ থাকলেও লেনদেনে খুব বেশি প্রভাব পড়েনি।
এবারের ইদে সব মিলিয়ে টানা সাত দিন ছুটি ছিল। ফলে দীর্ঘদিন ছুটি কাটাতে পেরেছেন কর্মজীবীরা। ইদের ছুটি লম্বা হওয়ায় কর্মজীবী মানুষ বাড়ি যেতে এবং নগরী ফিরতে তেমন ভোগান্তির শিকার হননি। নগরীর বিভিন্ন সরকারি দফতরে প্রশাসনিক কাজে স্বাভাবিক ব্যস্ততা চোখে পড়েছে। কাজের ফাঁকে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা গেছে অনেককে।
রাজশাহী শিক্ষাবোর্ডের জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর ছুটি বেশি ছিল। তাই পরিবারকে যথেষ্ট সময় দিতে পেরেছি। ছুটি বেশ ভালোভাবে উপভোগ করেছি।