রাজশাহীতে কৃষিহাব গড়ে তোলা হবে: মাহমুদা হাবিবা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদা হাবিবাকে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১ জুন) বিকেলে রাজশাহীর ঐতিহ্যবাহী ভুবনমোহন পার্কে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাজশাহী হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এজন্য এখানকার কৃষিপণ্যেও ন্যায্য মুল্য ও কৃষক যেন ন্যায্যমূল্য পান তার জন্য রাজশাহীতে একটি কৃষি হাব গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে সরকার বড় ধরনের গ্র্যান্ড বরাদ্দ করেছে। সুযোগ রয়েছে ভোকেশনাল প্রশিক্ষণের এবং কর্মসংস্থানের। তিনি নিশ্চয়তা দিয়ে বলেন, এই অঞ্চলে যত উন্নয়নমূলক কাজ হবে এর কেন্দ্রবিন্দু হবে রাজশাহী।
তিনি বলেন, একটি দেশের সরকার নিজে উন্নয়ন করতে পারে না। উন্নয়নের জন্য প্রতিটা নাগরিককে পাশে থাকতে হবে। নাগরিক প্রধান ভূমিকা পালন করবে। সরকার শুধু সহযোগিতা করবে। তিনি রাজশাহীবাসী ও নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এখানকার নেতাদের হাত ধরেই রাজনীতি শুরু হয়েছিল। জনগণের প্রত্যাশা পুরনে তিনি কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
এদিকে সংসদ সদস্য রাজশাহীতে আসার পরেই তাঁকে ঝলমলিয়া থেকে কৃষকদলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে রাজশাহী ভূবনমোহনপার্কে নিয়ে আসেন। সেখানেই সংবর্ধনা প্রদান করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য দেবাশিষ রায় মধু, জেলা বিএনপির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, রায়হানুল আলম রায়হান, রুকুনুজ্জামান আলম, আলী হোসেন, শাহজাহান আলী, সদর উদ্দিন, গোলাম মোস্তফা মামুন, মিজানুর রহমান মিজান, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকায়িরা, সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, নবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারওয়ার জাহান, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম।