ফুটবল বিশ্বকাপ শুরু ১১ জুন
কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে
আগামী ১১ জুন ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বলে পরিচিত ২৩তম বিশ্বকাপ ফুটবলের পর্দা উন্মোচিত হবে। এবারের বিশ্বকাপ ফুটবলের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো- এই তিন দেশ। ৩৯ দিন ধরে বিশ্বকাপের মোট ১০৪টি ম্যাচ এই তিন দেশে অনুষ্ঠিত হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ৭৮টি ম্যাচ, মেক্সিকোর ৩টি শহরে ১৩টি ম্যাচ এবং কানাডার দুটি শহরে ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
১৯৯৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে খেলেছে মোট ৩২টি দল। এই চিত্র দেখেই অভ্যস্ত ছিল ফুটবলামোদীরা। কিন্তু এবার ভিন্ন চিত্র, দল বেড়ে দাঁড়িয়েছে ৪৮টি। অর্থাৎ এবার মোট ৪৮টি দল বিশ্বকাপ ফুটবলের জমজমাট আসরে অংশগ্রহণ করবে। দলসংখ্যা বাড়ার কারণে প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের লড়াই মঞ্চে উঠে এসেছে নতুন কয়েকটি দেশ। জর্ডান, উজবেকিস্তানের মতো দলের সঙ্গে একেবারেই নাম না জানা ক্ষুদ্র দেশ কেপ ভার্দে, কুরাসাও রয়েছে।
ফুটবলামোদীরা সেই অর্থে এ দুটি দল সম্পর্কে ভালো একটা খোঁজখবর জানেন না। তবে খেলার মাঠেই তাদের শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে। ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপে উল্লিখিত চারটি দল একদম প্রথমবারের মতো খেলবে। বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮টি দল মোট ১২টি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। গ্রুপ পর্বের পরে প্রতিটি গ্রুপের প্রথম দুই দল সরাসরি নক আউটে সুযোগ পাবে। এছাড়া তৃতীয় স্থানে থাকা ১২টি দলের মধ্যে সেরা আটটি দলও নাক আউটে যাবে।
অর্থাৎ ৩২টি দলকে নিয়ে শুরু হবে নক আউট রাউন্ড। যেহেতু ৩২টি দলকে নিয়ে নক আউট হবে। তাই ২০২৬ সালে একটি অতিরিক্ত রাউন্ড থাকছে। গ্রুপ পর্বের পরে রাউন্ড অব ১৬ না হয়ে রাউন্ড অব ৩২ হবে। রাউন্ড অব ৩২ থেকে ১৬টি দল উঠবে রাউন্ড অব ১৬-তে। সেখান থেকে আটটি দলকে নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে চারটি দল খেলবে সেমিফাইনাল। দুই সেমিফাইনালের দুই জয়ী দল খেলবে ফাইনালে। অর্থাৎ শেষ ১৬ থেকে একই নিয়ম। তার আগে অতিরিক্ত একটি রাউন্ড যুক্ত হয়েছে।
বিশ্বকাপের সূচনাটা ছিল সেই ১৯৩০ সালে। মোট ১৩টি দেশের অংশগ্রহণে প্রথম আয়োজনে জয়ী হয়েছিল স্বাগতিক উরুগুয়ে। এবারের বিশ্বকাপ ট্রফি কার ঘরে যাবে এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে পারফরম্যান্স ও দলীয় সংহতির বিচারে বেশি এগিয়ে রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন। কারও মতে এবারও আর্জেন্টিনা বাজিমাৎ করতে পারে। কেননা দলে মেসি আছেন। সেই কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে স্কালোনি দলটিকে অসম্ভব এক সৌন্দর্যের মাঝে আটকে রেখেছেন।
ফিফা র্যাংকিংয়ে আর্জেন্টিনার অবস্থান তৃতীয় হলেও বিশ্বকাপে আরও নতুনভাবে প্রস্ফুটিত হতে পারে। এদিকে ব্রাজিল গতবারের দুঃখ ঘোচাতে তৎপর থাকবে। যদিও দলটিতে বহুবিধ সমস্যা দৃশ্যমান। সে তুলনায় এমবারের ফ্রান্স আগের মতোই ক্ষ্যাপাটে। ফিফা র্যাংকিংয়েও সবার ওপরে ফ্রান্স। আর ফিফা র্যাংকিংয়ে সবার ওপরে থাকা স্পেনকে অধিক শক্তিশালী ভাবা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, যে আট দেশের হাতে বিশ্বকাপ তাদেরই কেউ না কেউ এবারও মুঠোবন্দি করবে বিশ্বকাপের ট্রফি। কিন্তু স্বপ্ন দেখছে গতবারের চমক জাগানো দল মরক্কো আর আফ্রিকান কাপ অব নেশনসের রানার আপ সেনেগাল।