মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে সাংবাদিক সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ জুন ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ জুন ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
মহানন্দা সেতুর টোলমুক্ত করার দাবিতে সাংবাদিক সম্মেলন

বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে সদর উপজেলার বারঘরিয়া ব্রীজ চত্বরে (পায়রা চত্বরের পাদদেশ) জেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মহানন্দা নদীর ওপর ১৯৯৪ সালের ২৩ জুন নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা সেতু) জেলার যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়ের ফলে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।


সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রাক মালিক গ্রুপ সমিতির সভাপতি মো. তরিকুল আলম মোল্লা, শাহনিয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. তরিকুল আলম সিদ্দিক, ছাত্র জনতা মঞ্চের সভাপতি অ্যাডভোকেট মো. নুরে আলম সিদ্দিকী আসাদ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমেদ, নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ কবির ও চাঁপাইনবাবগঞ্জ সিএনজি সমিতির সভাপতি মো. আসগর আলী।


এ সময় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।