বিশ্বকাপ : গ্রুপ পর্বে কোন জার্সিতে খেলবে আর্জেন্টিনা-ব্রাজিল?
বিশ্বকাপের বাকি আর মাত্র ৮ দিন। টুর্নামেন্টকে সামনে রেখে আর্জেন্টিনা ও ব্রাজিল জানিয়ে দিল, গ্রুপ পর্বের কোন ম্যাচে তারা কোন জার্সিতে মাঠে নামবে।
গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি ম্যাচে ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্য ম্যাচে দেখা যাবে নতুন কালো অ্যাওয়ে জার্সি।
লিওনেল মেসিদের বিশ্বকাপ মিশন শুরু ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। কানসাস সিটিতে অনুষ্ঠিত সেই ম্যাচে আর্জেন্টিনা খেলবে তাদের চিরচেনা সেই আকাশী-সাদা ডোরাকাটা জার্সি ও নীল শর্টস। গোলকিপারকে দেখা যাবে সম্পূর্ণ কমলা রঙের কিটে।
দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচেও মেসিরা নামবেন আকাশী-সাদা জার্সিতে। তবে কিপারের কিটে থাকবে পরিবর্তন; তিনি পরবেন হালকা সবুজ রঙের গোলকিপার জার্সি।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে কালো অ্যাওয়ে জার্সি পরবে আর্জেন্টিনা। কালো রঙের এই জার্সিতে থাকবে নীল ও আকাশি নীলের ছোঁয়া, আর নম্বর ও লোগো থাকবে সাদা রঙে। ডালাসে হতে যাওয়া ম্যাচে কিপারের কিটও থাকবে সবুজ, তবে আগের ম্যাচের তুলনায় কিছুটা গাঢ় শেডে।
নতুন অ্যাওয়ে জার্সিটির নকশায় আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে ঐতিহ্যবাহী অলংকরণশিল্পের অনুপ্রেরণা রাখা হয়েছে। জার্সির পেছনের অংশ ও সামগ্রিক ডিজাইনে সেই শিল্পরীতির ছাপ ফুটে উঠেছে।
এদিকে ব্রাজিলও দুই ধরনের জার্সিতে গ্রুপ পর্বে মাঠে নামার ঘোষণা দিয়েছে। গ্রুপ সি এর এক ম্যাচে তারা পরবে নীল জার্সি, দুই ম্যাচে থাকবে হলুদ।
১৩ জুন মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু নেইমারদের মিশন হেক্সা। সেই ম্যাচে ব্রাজিল পরবে হলুদ জার্সি ও সাদা শর্টস।
২০ জুন হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল গায়ে জড়াবে তাদের নীল রঙের অ্যাওয়ে জার্সি। ২৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও সেলেসাওদের দেখা যাবে চিরচেনা সেই হলুদ জার্সিতে।- আগামীর সময়