সোমবার, জুন ২২, ২০২৬

বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলবেন মেসি

সোনার দেশ ডেস্ক ০২ জুন ২০২৬ ১১:১৯ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ০২ জুন ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
বিশ্বকাপে প্রথম ম্যাচেই খেলবেন মেসি

বিশ্বকাপ খেলা নিয়ে কখনো তেমন শঙ্কা ছিল না। তবে দীর্ঘ এক টুর্নামেন্টে লিওনেল মেসি শুরুতেই মাঠে নামবেন কিনা, সে নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছেন ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের নায়ক।


৩৮ বছর বয়সী মেসির ফিটনেস নিয়ে সবসময়ই চিন্তায় ছিল আর্জেন্টিনা। ইন্টার মায়ামির হয়ে খেলতে নেমে যেন শেষ মুহূর্তে ইনজুরিতে না পড়েন এই কিংবদন্তি ফুটবলার, সেদিকে ছিল সতর্ক দৃষ্টি।


তবুও আর্জেন্টিনার সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল মেসির ইনজুরির খবর। মৌসুমের একদম শেষভাগে মায়ামির হয়ে খেলতে নেমে মাঠ ছাড়েন মেসি। জানা যায়, বড় ইনজুরি না হলেও অস্বস্তি বোধ করছিলেন তিনি।


এবারের বিশ্বকাপ হবে আগের যেকোনো আসরের চেয়ে দীর্ঘ। আর এতেই অনেকের ধারণা ছিল, মেসিকে হয়তো গ্রুপ পর্বের শুরুর ভাগে খেলাবেন না কোচ লিওনেল স্কালোনি।


বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই একাদশে দেখা যাবে মেসিকে।


শেষ পর্যন্ত মেসি সেই ম্যাচে কত সময় মাঠে থাকবেন, সেটাই এখন দেখার বিষয়। মূল টুর্নামেন্টের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মেসি থাকবেন কিনা, সেই ব্যাপারে এখনো নিশ্চিতভাবে কিছু জানায়নি আর্জেন্টিনা।- আগামীর সময়