সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে নির্মিত ‘মালিক’ সিনেমা দেখে উচ্ছ্বাসিত দর্শক

নিজস্ব প্রতিবেদক ০৫ জুন ২০২৬ ১০:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ জুন ২০২৬ ১০:৫১ অপরাহ্ন
রাজশাহীতে নির্মিত ‘মালিক’ সিনেমা দেখে উচ্ছ্বাসিত দর্শক

২০২৫ সালের শেষের দিকে রাজশাহীতে শুটিং হয়েছিল অ্যাকশনধর্মী সিনো মালিকের। এই সিনেমার প্রথম প্লটের শুটিং রাজশাহীর বিভিন্ন এলাকায় করা হয়েছিল। এই সিনেমা ইদের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে জিআরভি সিনেপ্লেক্সে। শুক্রবার (৫ জুন) থেকে এই সিনেপ্লেক্সে সিনেমা শুরু হয়েছে। প্রথমদিনে দর্শক ছিল চোখে পড়ার মতো।  


এদিন প্রথম শুরু হয় বিকেল সাড়ে তিনটায়। সিনেপ্লেক্সের প্রায় এক তৃতীয়াংশ ছিল দর্শক। পরিবার নিয়েও এই সিনেমা উপভোগ করতে দেখা যায়। এই সিনেমা দেখার পর বেশ উচ্ছ্বাসিত দেখা গেছে দর্শকদের। তবে ছিল মিশ্র প্রতিক্রিয়াও।  


মালিক সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। খল চরিত্রে ছিলেন মিশা সওদাগর। পরিচালক সাইফ চন্দন নির্মিত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা মালিক। এই সিনেমার অ্যাকশনগুলো করা হয়েছে রাজশাহীতে। 


প্রেক্ষাগৃহ থেকে বেরিয়েই সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন একজন দর্শক। তিনি বলেন, দীর্ঘদিন পর আরিফিন শুভর সিনেমা দেখলাম। তিনি চমৎকার অভিনয় করেছেন। বিদ্যা সিনহা মীমও ভালো অভিনয় করেছেন। আমাদের দেশের সিনেমা বেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও এগিয়ে যাক এটাই কামনা। 


মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন আরেক দর্শক। তিনি বলেন, মেকিং খুব দুর্বল মনে হয়েছে। সিনেমার কাহিনীও একটু খাপছাড়া মনে হয়েছে। তবে অভিনয় সবাই ভালো করেছেন। পরিচালক যদি কাহিনীতে মনোযোগ দিতেন তবে এই সিনেমা আরও সুন্দর হতো। 


বাংলাদেশি সিনেমার অগ্রযাত্রা নিয়ে অন্য একজন দর্শক বলেন, বাংলাদেশের সিনেমা দিন দিন উন্নত হচ্ছে। এই সিনেমার গ্রাফিক্সও বেশ ভালো লেগেছে।  


নারী দর্শকও সিনেমাটি দেখে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। হাসি মুখে একজন নারী বলেন, অসাধারণ। এই সিনেমা সাউথ ইন্ডিয়ান মুভির মতো ফিল দিয়েছে। 


পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন শিক্ষক সাইফুল ইসলাম। তিনি বলেন, রাজশাহীর বিভিন্ন স্থানে এই সিনেমার শুটিং হয়েছে এর আগে শুনেছি। তাই পরিবার নিয়ে দেখতে এসেছি। মুভিটা বেশ ভালো লাগছে। তবে আরও ভালো করা উচিৎ বলে মনে করি। বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিজের সঙ্গে পাল্লা দিতে আরও উন্নত মানের সিনেমা বানানো উচিত।


এই ক্যামিও দিয়েছেন অভিনেতা শুভ রাজ। তিনি ওসির চরিত্রে অভিনয় করেছেন। রাজশাহীতে সিনেমা দেখতে এসেছেন তিনি। তিনি বলেন, এই সিনেমা তৈরি করতে বেশ পরিশ্রম হয়েছে সবার। একটা অ্যাকশন ও থ্রিলার সিনেমায় যা থাকে তার সব আছে এখানে। আশাকরি সব বয়সের দর্শকদের এই সিনেমা ভালো লাগবে।  

গেল বছরের নভেম্বরে রাজশাহীর পবা এলাকায় শুটিং শুরু হয়। এরপর নাটোরে চলে কাজ। গল্প অ্যাকশন ঘরানার, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখছেন একদম নতুনভাবে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন বলে জানা গেছে।


নির্মাতা প্রতিষ্ঠান থেকে জানানো, রাজশাহীতে অ্যাকশন পার্টের শুটিং করা হয়েছে। এছাড়াও সিনেমার মূল দৃশ্যধারণের কাজ হয়েছে রাজশাহীতে। 


একটি পোর্ট বা অঞ্চলের ক্ষমতা গ্রহণ করা বা আধিপত্য বিস্তার করা নিয়ে এগিয়েছে মালিকের গল্প। যেখানে খল চরিত্রে রয়েছেন মিশা সওদাগর। তার সঙ্গে অ্যাকশন দৃশ্যে জমাবেন শুভ। এতে আরিফিন শুভর মায়ের চরিত্রে অভিনয় করছেন নিমা রহমান। আরও রয়েছেন বরদা মিঠু, এরফান মেধা শিপলুসহ অনেকেই। সিনেমাটিতে রয়েছে একটি আইটেম সং।