মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পাখির বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিভে গেল কিশোরের জীবন

নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৬ জুন ২০২৬ ০১:৪৪ অপরাহ্ন
পাখির বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিভে গেল কিশোরের জীবন

ঘুঘু পাখির বাচ্চা উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে সাজ্জাদ নামে ১৪ বছরের এক কিশোর। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় নগরীর তেরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের সামনে ফ্লাইওভারের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদের বাবার নাম সাজু। তাঁদের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। পরিবারটি বর্তমানে রাজশাহী নগরের রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার বন্ধ গেট মসজিদের পেছনে ভাড়া বাসায় বসবাস করছিল।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের একটি বৈদ্যুতিক খুঁটির ওপর ঘুঘু পাখির বাসা ছিল। সেখান থেকে পাখির বাচ্চা নামিয়ে আনার চেষ্টা করছিল সাজ্জাদ। একপর্যায়ে সে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দেহ পাশের একটি বাড়ির টিনের ছাদ ও বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে ঝুলে থাকে।

রাজশাহী ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল পৌনে ১১টার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। পরে বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় সংযোগ বিচ্ছিন্ন করে সাজ্জাদকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।