মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মায়ের কোল থেকে পড়ে শিশু ও তাকে বাঁচাতে গিয়ে যুবক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১২:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৮ জুন ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
মায়ের কোল থেকে পড়ে  শিশু ও তাকে বাঁচাতে গিয়ে যুবক নিহত

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে আলিফ হোসেন নামের ৮ বছর বয়সী এক শিশু মারা গেছে। তাকে বাঁচাতে গিয়ে সড়কেই প্রাণ গেছে বাকিবিল্লাহ্ নামের আরেক যুবকের। 


এ ঘটনাটি ঘটেছে রোববার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীও। 


নিহতরা হলেন পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে মো. বাকিবিল্লাহ (৩৫)। আহত নারীর নাম আঁখি খাতুন। তিনি নিহত শিশু আলিফ হোসেনের মা ও কোলাদি গ্রামের জাহিদ হোসেনের স্ত্রী।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রূপপুর থেকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এলাকা ঘুরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পরিবারসহ দাশুড়িয়ার দিকে মায়ের সঙ্গে ফিরছিল শিশু আলিফ। অটোরিকশাটি কোলেরকান্দি বটতলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওই অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশু আলিফ তার মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়ে। 


ওই মুহুর্তে একই মহাসড়কে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল বাকি বিল্লাহ। মায়ের কোল থেকে মহাসড়কে ছিটকে পড়া শিশুটিকে বাঁচাতে তিনি তাৎক্ষনিকভাবে মোটরসাইকেল থামিয়ে শিশুটিকে উদ্ধার করতে ছুটে যান। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি এসে তাদের দুজনকে ধাক্কা দেয়। মুহূর্তেই ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শিশু আলিফ ও বাকিবিল্লাহ।


খবর পেয়ে রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে আহত মা আঁখি খাতুন (৩০) কে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করেন এবং আহত নারীকে হাসপাতালে পাঠান।


পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মিয়া জানান, নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।