সোমবার, জুন ২২, ২০২৬

ডেইরি ফার্মের টাকা ছিনতাই, বহিষ্কৃত বিএনপি নেতাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক ০৮ জুন ২০২৬ ১০:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৮ জুন ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
ডেইরি ফার্মের টাকা ছিনতাই, বহিষ্কৃত বিএনপি নেতাসহ গ্রেফতার ২

রাজশাহীতে একটি ডেইরি ফার্মের টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, ঘটনাটি ক্লুলেস ছিল। এই মামলার রহস্য উদ্ঘাটন করেছে গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। 


গ্রেফতারের সময় তাদের কাছে একটি পিস্তলসদৃশ বস্তু, ছিনতাইকৃত নগদ ৩৩ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  গ্রেপ্তারকৃত হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে আব্দুর রহমান ডাবলু (৩৬) এবং মতিহার থানার মির্জাপুর গ্রামের মৃত হাসানের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার আবু সাদাত মো. সায়েম ওরফে মিলন (৪৮)। মিলন মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাকে ২০২৫ সালের ২৭ জানুয়ারিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। 


সোমবার (৮ জুন) দুপুরে রাজশাহী মহানগর ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনটি করেন নগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান। তিনি বলেন, গেল ১৪ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে পাবনা ডেইরি ফার্মের কর্মচারি মাসুদ রানা দুই হাজার লিটার তরল দুধ নিয়ে পাবনা থেকে রাজশাহীর সপুরা সেলস সেন্টারে নিয়ে আসেন। দুধ আনলোড করার পর সেন্টার ম্যানেজার তাকে প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা প্রদান করেন। পরে তিনি ওই টাকা লরির চালকের আসনের পেছনে রেখে পাবনার উদ্দেশ্যে রওনা দেন।


দুপুর আড়াইটার দিকে বেলপুকুর থানার উত্তর কাজীরপাড়া এলাকায় পৌঁছালে পিছন থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের একটি মোটরসাইকেলে এসে লরির সামনে ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। একপর্যায়ে তারা লরির জানালার কাঁচ ভেঙে চালকের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং লরির ভেতরে রাখা ১ লাখ ৬৫ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।


ঘটনার পর বেলপুকুর থানায় মামলা করা হলে ডিবি ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে তদন্তকারীরা ঘটনার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হলে ডিবির একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে দস্যুতার মূল পরিকল্পনাকারী আব্দুর রহমান ডাবলু এবং ঘটনায় সরাসরি অংশগ্রহণকারী আবু সাদাত মো. সায়েম ওরফে মিলনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারকৃত মূল পরিকল্পনাকারী আব্দুর রহমান ডাবলুর কাছ থেকে ছিনতাইকৃত নগদ ২৬ হাজার টাকা এবং আবু সাদাত মো. সায়েম ওরফে মিলনের কাছ থেকে দস্যুতার সময় ব্যবহৃত একটি পিস্তলসদৃশ বস্তু ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অর্থের মোট পরিমাণ ৩৩ হাজার টাকা। এছাড়া তাদের নিকট থেকে ২ টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা বর্তমানে ডিবি হেফাজতে রয়েছে। অবশিষ্ট ছিনতাইকৃত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।