মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বাঁচতে চায় ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত ২ সন্তানের জননী

রাবি প্রতিবেদক ০৯ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৯ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
বাঁচতে চায় ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত ২ সন্তানের জননী

দুই কন্যা সন্তানের জননী জেসমিন সিদ্দিকী হ্যাপি (৩৬)। স্বামী-সন্তান নিয়ে বসবাস করেন রাজধানীর আশুলিয়া থানার অন্তর্গত ডেন্ডাবর এলাকায়। অর্থাভাবে নিভে যেতে বসেছে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত এই মায়ের জীবনপ্রদীপ। দুই বছর আগে জটিল এই রোগে আক্রান্ত মানুষটির দুইটি কিডনিই এখন প্রায় অকার্যকর হয়ে পড়েছে। জীবন বাঁচাতে অতি দ্রুত তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন।


দিন দিন অবস্থার অবনতি হলেও অর্থ সংকটে বন্ধ হয়ে আছে প্রয়োজনীয় চিকিৎসা। কিডনি ট্রান্সপ্লান্ট এবং পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা প্রয়োজন। কিন্তু এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই দেশ-বিদেশে অবস্থানরত সকল হৃদয়বান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আবেদন করেছে পরিবারটি।


জানা যায়, ২০২৪ সালে ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত হন জেসমিন সিদ্দিকী হ্যাপি। বাংলাদেশে দীর্ঘদিন চিকিৎসা করানোর পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাঁর পরিবার ইতোমধ্যে তাকে চারবার ভারতের সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছেন। এতে পরিবারটির আর্থিক অবস্থা বর্তমানে ভঙ্গুর হয়ে পড়েছে। সিএমসি হাসপাতালের চিকিৎসকেরা সর্বশেষ জানিয়েছেন ওনার জীবন বাঁচাতে যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করা প্রয়োজন। বর্তমানে তাঁর ক্রিয়েটিনিন ৮.০০ যা অত্যন্ত উদ্বেগজনক। প্রতিদিন তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে।


দুই মেয়ে ও স্বামীসহ জেসমিন সিদ্দিকী হ্যাপির চার সদস্যের পরিবার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী। জেসমিন সিদ্দিকী হ্যাপির বড়মেয়ে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী। ছোটো মেয়েও একই প্রতিষ্ঠানের নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।


বড় মেয়ে ইসরাত জাহান হাসি বলেন, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একজন অসহায় মেয়ে হিসেবে। আমি আমার আম্মুর জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ—দয়া করে আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং সম্ভব হলে আর্থিক সহায়তার মাধ্যমে আমাদের পাশে দাঁড়াবেন।


সাহায্য পাঠাতে, ইসরাত জাহান হাসি (রোগীর মেয়ে), বিকাশ ও নগদ: ০১৭১০৫৩৩৩৩০, এনআরবিসি ব্যাংক, অ্যাকাউন্ট নং: ০১২৭৩ ১১০০০ ০০৭২৬,রাউটিং নং: ২৬০২৬০৫৪৩