দেশে প্রতিবছর ৩৫ লক্ষ টন খাদ্যের অপচয়
এমন পরিস্থিতি চলতে দেয়া যায় না
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউনেপের ২০২৪ সালের ফুড ওয়েস্ট ইনডেক্স প্রতিবেদনে বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়। সোমবার (৮ জুন) খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জাতীয় সংসদে এ তথ্যের উদ্ধৃতি দেন। তবে তিনি এই তথ্যকে ‘সামগ্রিক’ হিসেবে উল্লেখ করেছেন।
খাদ্য প্রতিমন্ত্রী সংসদকে জানান, ২০২৪-২৫ অর্থ বছরে খাদ্যশস্যর মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ছিল ১৮৮৮৭ দশমিক ৩৪৭ মেট্রিক টন; যা শতকরা হিসাবে শূন্য দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে ২০২৩-২০২৪ অর্থ-বছরের মোট ঘাটতি বা অপচয়ের পরিমাণ ২১৩২৯ দশমিক ৮৮ মেট্রিক টন; যা শতকরা হিসাবে শূন্য দশমিক ৩১৬ শতাংশ। উল্লিখিত তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থ বছরের ঘাটতি আগের অর্থ-বছর থেকে হ্রাস পেয়েছে।
লিখিত প্রশ্নের উত্তরে তিনি জানান, খাদ্য নিরাপত্তা ও নিরাপদতা নিশ্চিতকরণ এবং দেশে খাদ্যের অপচয় রোধকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত পণ্যের অপচয় ও ক্ষতি রোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নানাবিধ কার্যক্রম পরিচালনা করছে।
বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশে এখন দরিদ্র লোকের সংখ্যা ৩ কোটি ৬০ লাখ। ২০২৫ সাল শেষে দারিদ্র্যের হার ২১.২ শতাংশ হতে পারে। অথচ ২০২২ সালে এ হার ছিল ১৮.৭ শতাংশ। মাত্র ৩ বছরের ব্যবধানে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় ৩ শতাংশ। এই হিসাবে বছরপ্রতি ১ শতাংশ করে বাড়ছে। কয়েক দশক ধরে দারিদ্র্যের হার কমার পর ৪ বছর ধরে বাড়ছে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০৫০ সাল নাগাদ ১.৩ কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। বাস্তুচ্যুত হওয়ার জন্য একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের অভিঘাত কাজ করবে, অন্যদিকে দারিদ্র্যের দুষ্টচক্রে পড়ে অনেক মানুষ বাস্তুহারা হতে পারে। আঞ্চলিক দারিদ্র্যবৈষম্য আরও বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে।
বাংলাদেশে দারিদ্রসীমার নিচে বিশাল সংখ্যক মানুষ প্রতিদিনের তিনবেলা খাবারের যোগান দিতে পারে না। সে দেশে খাদ্য অপচয় অপরাধের সামিল। অন্তত অপরাধ বিবেচনায় খাদ্য অপচয় রোধে উন্নত ব্যবস্থাপনা, নিয়মিত পর্যবেক্ষণ গড়ে তোলার সাথে সাথে জবাবদিহিতাও নিশ্চিত করা দরকার। একইভাবে দেশের মানুষের মধ্যে পরিমিত বোধ ও অপচয় রোধে সচেতনতা কার্যক্রম জোরালো করতে সরকারের প্রচারণা কার্যক্রম বাঞ্ছনীয়। এমন পরিস্থিতি চলতে দেয়া যায় না- এটা অমানবিক এবং ক্ষুধার্ত মানুষের অধিকারকে অস্বীকৃতি জানায়।