সোমবার, জুন ২২, ২০২৬

বিশ্বকাপের আমেজ গ্রামেও

ঈশ্বরদী প্রতিনিধি ১০ জুন ২০২৬ ১১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১০ জুন ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
বিশ্বকাপের আমেজ গ্রামেও

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম ও পাড়া মহল্লায়। পাবনার ঈশ্বরদী শহর ছাড়িয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবলের আনন্দময় আমেজ। বুধবার (১০ জুন) বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। বাসা বাড়ির ছাদে, গাছে ও রাস্তা ছাড়িয়ে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের জাতীয় পতাকায় ছেয়ে গেছে পথ-প্রান্তর। ঈশ্বরদীর সাঁড়াগোপালপুরে রূপপুর রেলওয়ে লাইনের দুপাশে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের পতাকা ও প্রিয় তারকার ছবিও টাঙানো হয়েছে।


সাঁড়াগোপালপুর স্কুল মাঠে আয়োজন করা হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা রাত্রীকালীন প্রীতি ফুটবল প্রতিযোগীতার। গত ৩দিন ধরে চলছে এই প্রতিযোগীতা। বৃহস্পতিবার (১১ জুন) বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ানোর আগে রাত ৮টায় প্রীতি ফুটবলের ফাইনাল খেলার পর বড় পর্দায় স্কুল মাঠে আয়োজন করা হয়েছে বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর। এ আয়োজনে বিশ্বকাপ ফুটবল মাঠে গড়ার আগে স্থানীয় সূর্য সংঘ ক্লাবের পক্ষ থেকে প্রায় ৩শতাধিক দর্শকের জন্য রাতে খিচুড়ি উৎসবেরও আয়োজন করা হয়েছে।


সূর্য সংঘের সংগঠক ও এ আয়োজনের আহবায়ক খন্দকার তৌফিক আলম সোহেল বলেন, সারা বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার দর্শক সমর্থকের মধ্যে পাল্টাপাল্টি তর্ক-বিতর্ক হলেও সাঁড়াগোপালপুরে দুই দলের সমর্থকরা বিশ্বকাপের সময় এলে একসাথে একমাঠে বসে খিচুড়ি উৎসব করেন, খেলেন ও খেলা দেখেন। বিশ্বকাপের এই মহারনের সময় সব দলের সমর্থকরা এক হয়ে খেলার আনন্দ উপভোগ করে থাকেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, সূর্য সংঘের এ উদ্যোগে স্থানীয় খেলোয়াড় ও আয়োজকদের উৎসাহী করতে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি নতুন ফুটবল উপহার দেওয়া হয়েছে।