মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে আ’লীগ ‘সংশ্লিষ্ট’ ৩০০ বই জব্দ

নিজস্ব প্রতিবেদক ১০ জুন ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১০ জুন ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে আ’লীগ ‘সংশ্লিষ্ট’ ৩০০ বই জব্দ

রাজশাহীতে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে ৩০০ বই জব্দ করা হয়েছে। এর আগে এই লাইব্রেরির বই নিয়ে আপত্তি জানিয়েছিল রাজশাহী মহানগর ছাত্রদল।  


বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে রাজশাহী কলেজে ভ্রাম্যমাণ লাইব্রেরি যায়। এতে ছাত্রদলের নেতারা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সম্পর্কিত বই দেখতে পায়। পরে তা লাইব্রেরির বাসটি জেলা প্রশাসক অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে ৩০০ বই জব্দ করা হয়েছে। বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে মুজিব ও স্বৈরাচারী হাসিনার বয়ান সংশ্লিষ্ট কোন গ্রন্থ, সাময়িকী ও প্রবন্ধ রাখবে না বলে মুচলেকা দেয়। 


ভ্রাম্যমাণ লাইব্রেরির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, রাজশাহীতে বই রাখার জায়গা না থাকায় বইগুলো গাড়ির মধ্যেই ছিল। তবে এগুলো কাউকে পড়তে দেয়া হতো না। বইগুলো জেলা প্রশাসনের কাছে আছে। 


রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন জানান, ছাত্রদলের নেতাকর্মীরা ভ্রাম্যমাণ লাইব্রেরিতে বই পড়তে যান। এসময় পাঠাগারের বাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের বই পাওয়া যায়। পরে বাসটিকে জেলা প্রশাসক কার্যালয়ে নেয়া হয়।


মহানগর ছাত্রদলের আহবায়ক রাকিন রায়হান রবিন বলেন, স্বৈরাচার পতনের পর তাদের বই পাওয়া মানে সর্ষের মধ্যে ভুত রয়েছে। একটি গোষ্ঠী আওয়ামীলীগকে পুনর্বাসনে কাজ করছে। আমরা বইগুলো জব্দ এবং দোষীদের শাস্তি চাই।


জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।  


সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন গণগ্রন্থাগার অধিদপ্তর ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত দেশব্যাপী ভ্রাম্যমাণ পাঠাগার কার্যক্রমটি প্রান্তিক পর্যায়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে।