সাপের কামড়ে বাগমারার শিশু তৈয়বার মৃত্যু
রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের পলাশী গ্রামের এনজিও কর্মকর্তা মতিউর রহমানের মেয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তৈয়বা সাপের কামড়ে মৃত্যুবরণ করেছে। শুক্রবার (১২ জুন) সকাল নয়টায় পলাশী গ্রামে পারিবারিক কবরস্থানে শিশু তৈয়বার দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, চাকরির সুবাদে মতিউর রহমান কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। শিশু তৈয়বা স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো। বৃহস্পতিবার বিকেলে অন্যান্য দিনের মত প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ার কক্ষের ভেতরে অন্যান্য সহপাঠীরাও ছিল। এরইমাঝে বিষাক্ত একটি সাপ তার পায়ে কামড় দিয়ে চলে যায়। তবে সেখানকার কেউ সাপটিকে দেখতে পায়নি বলে জানিয়েছে।
বিষের যন্ত্রণায় সেখান থেকে শিশু তৈয়বাকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশুটির এ অকালমৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
নিহতের পিতা মতিউর রহমান বলেন, বিষধর কোন সাপে কামড় দিয়েছে বলে সেখানকার চিকিৎসক জানিয়েছেন।