সিংড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় উপজেলা পর্যায়ে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজেদুল করিম সিদ্দিকী, গোল-ই-আফরোজ সরকারি কলেজের প্রভাষক সুমি খাতুন, উপজেলা আইসিটি প্রোগ্রামার মাজদার আলী, উপজেলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধান এবং উদ্যোক্তাভিত্তিক স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত দক্ষতার পরিচয় ফুটে ওঠে।
প্রদর্শনী শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অর্জন করে। সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় এবং সিংড়া দমদমা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।