মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নাটোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় চালক নিহত

নাটোর প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১১:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১১:১৫ অপরাহ্ন
নাটোরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কায় চালক নিহত

নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে রতন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার বড় বাঘা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন উপজেলার নূরপুর চকপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় তমালতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে বড় বাঘার দিকে যাচ্ছিলেন রতন। পথে হঠাৎ তিনি দ্রুতগতির মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।