মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকমতিনের বিরুদ্ধে মামলা

(নওগাঁ) প্রতিনিধি : ১৩ জুন ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
(নওগাঁ) প্রতিনিধি : ১৩ জুন ২০২৬ ০২:৫৯ অপরাহ্ন
মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকমতিনের বিরুদ্ধে মামলা
আব্দুল মতিন মন্ডল

অবশেষে নওগাঁর মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ার জেরে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের দায়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৩ জুন) নির্যাতিতা গৃহবধূ মহিষবাথান সরদারপাড়া গ্রামের আহাদ আলীর স্ত্রী হাসিনা খাতুন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুল মতিন মন্ডল, তার শ্যালক, শ্যালকের স্ত্রীসহ ছয় জনকে আসামী করা হয়। তবে পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলায় অভিযোগ করা হয় যে, আসামীদের সাথে জমিজমা সংক্রান্ত বিষয়ে হাসিনা খাতুনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) হাসিনা খাতুন উপজেলার গাহলী বাজারে আব্দুল মতিনের বিরুদ্ধে জমি দখল, মারপিট প্রভৃতি বিষয়ে আয়োজিত এক মানববন্ধনে বক্তব্য দেন। এরই জের ধরে শুক্রবার সকালে আসামীরা তার বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তাকে ও তার স্বামীকে মারপিট করে। পরে তাকে বাড়ির পাশে একটি ডাব গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে সারা শরীরে ও শরীরের নিম্নাংশে ঝালের গুড়ো মাখিয়ে দেয়। সেখানে আব্দুল মতিন মন্ডল দুই লক্ষ টাকা চাঁদি দাবি করে। হাসিনার মেয়ে থানায় এসে এর প্রতিকার চাইলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বন্দি দশা থেকে উদ্ধার করে তাকে ও তার স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দেয়।

ঘটনার পর হাসিনাকে গাছের সাথে বেঁধে রাখার ছবি ও নির্যাতনের বিবরণের ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যম ও মূল ধারার গণমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, ওঠে ছি, ছি রব। স্থানীয়রা ও নেতাকর্মীরা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, “এ ঘটনায় আসমীদের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৮৫/৫০৬/৩৪ ধারায় একটি মামলা এন্ট্রি করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”#