মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ঈশ্বরদীর প্রীতি ফুটবল ম্যাচ

ঈশ্বরদী প্রতিনিধি ১৩ জুন ২০২৬ ১০:১৫ অপরাহ্ন খেলা
ঈশ্বরদী প্রতিনিধি ১৩ জুন ২০২৬ ১০:১৫ অপরাহ্ন
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ঈশ্বরদীর প্রীতি ফুটবল ম্যাচ

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় পাবনার ঈশ্বরদীর গ্রামে গ্রামে উৎসব মুখর পরিবেশে ‘ব্রাজিল-আর্জেন্টিনা’ প্রীতি ফুটবল প্রতিযোগীতা, মাসব্যাপী টুর্নামেন্ট আয়োজনের ধুম পড়েছে। 


খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ মাঠেই স্থানীয়ভাবে ব্যাপক আয়োজনে আতসবাজি ফুটিয়ে ঢাক-ঢোল পিটিয়ে ও রিতিমত গ্রামে গ্রামে মাইকিং করে কোথাও কোথাও ২০০ থেকে ৪/৫শ’ গ্রামবাসীর জন্য খিচুড়ি উৎসবেরও আয়োজন করে ফুটবল খেলার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে শুধু দিনের বেলাতেই নয়, কোন কোন গ্রামে রাতে ফ্লাড লাইটের আলোয় চলছে এসব ফুটবল টুর্নামেন্ট। শহরের সাঁড়াগোপালপুর স্কুলমাঠে বিশ্বকাপ ফুটবলের আগে থেকে শুরু করা নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে অনুষ্ঠিত হয়। এ আয়োজনে সূর্য সংঘ ক্লাব সিনিয়র দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ক্লাবের জুনিয়র দল।


খেলা শেষে জমকালো আয়োজনে পুরষ্কার বিতরণ করার আগে ব্যাপক আতসবাজি ফেটানো হয়। পরে এলাকাবাসীর জন্য কয়েকটি বড় বড় ডেক ভর্তি খিচুড়ি মাংস খাওয়ানোর আয়োজন করে আয়োজকরা। ঈশ্বরদী শহর ছাড়িয়ে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়া বিশ্ব ফুটবলের আনন্দময় আমেজ উপভোগ করতে ব্যবস্থা করা হয় বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের লাইভ সম্প্রচার দেখার। গভীর রাত পর্যন্ত ছোট বড় সবাই বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করেন।


খেলা শেষে ম্যান অব দ্য টুর্নামেন্ট, ম্যান অব দ্য ফাইনাল, সেরা গোলকিপার, সেরা গোলদাতা, সেরা খেলোয়াড়, রানার আপ ও চ্যাািপয়ন দলের জন্য পৃথক পুরষ্কার, ট্রফি ও প্রচুর দর্শকের উপস্থিতিতে পুরষ্কার বিতরনের আয়োজনে বাড়তি আনন্দ ছড়িয়ে পড়ে এলাকায়। 


শনিবার (১৩ জুন) উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে ‘ব্রাজিল-আর্জেন্টিনা’ নাম দিয়ে দু দলের মধ্যে প্রীতি ফুটবলের আয়োজন করা হয়েছে। এ প্রতিযোগীতায় দু দেশের আদলে আলাদা আলাদা জার্সি পরিহিত খেলোয়াড়দের খেলা দেখে দর্শকরা বাড়তি আনন্দ পান। একই সাথে বিশ্বকাপে পছন্দের প্রিয় দলকে সমর্থন করে খেলার সময় বাড়তি উত্তেজনায় বুঁদ হয়ে পড়েন দর্শকরা। তবে খেলা শেষে ‘ড্র’ হলে দুদলের খেলোয়াড়-দর্শকরা বলেন, ‘আমরা হারিনি’।


সূর্য সংঘের সাবেক সভাপতি তানজিরুল আলম মিটো বলেন, সারা বিশ্বে ব্রাজিল-আর্জেন্টিনার দর্শক সমর্থকের মধ্যে পাল্টাপাল্টি তর্ক-বিতর্ক হলেও সাঁড়াগোপালপুরে দুই দলের সমর্থকরা বিশ্বকাপের সময় এলে একসাথে একমাঠে বসে খিচুড়ি উৎসব করেন, খেলেন ও খেলা দেখেন। সংগঠক আহসান কবীর তিতু বলেন, বিশ্বকাপ ফুটবলের আমেজে এলাকার সবাই একসাথে আনন্দ উপভোগের এসব আয়োজনের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে সম্প্রীতির বন্ধন আরো মজবুত হয়, উৎসব মুখর পরিবেশে পাশাপাশি মানুষ সুস্থ বিনোদন উপভোগ করেন, এটা এলাকার মানুষের মধ্যে ভালবাসার জন্ম দেয়।