মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ জুন ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’, কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই  কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এডভোকেট বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা।


এ সময় তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। সবুজ রাজশাহী গড়ার লক্ষ্যে জেলা পরিষদ ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের  প্রধান নির্বাহী কর্মকর্তা  উম্মে ফাতিমা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু এবং বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল ইসলাম মিলু। এছাড়াও রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।