সোমবার, জুন ২২, ২০২৬

মরক্কোর হাত থেকে ব্রাজিলকে বাঁচালেন ভিনি

সোনার দেশ ডেস্ক ১৪ জুন ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৪ জুন ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ন
মরক্কোর হাত থেকে ব্রাজিলকে বাঁচালেন ভিনি
বল নিয়ে ছুটে যাওয়া ভিনিকে ট্যাকল করছেন হাকিমি। ছবি: সংগৃহীত

মরক্কোর বিপক্ষে জেতা হলো না ব্রাজিলের। এবারের বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়ে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।  বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে না হারার ৯২ বছরের যে রেকর্ড, সেটি অক্ষুণ্ণ থাকল ব্রাজিলের। আর এ নিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত রইল মরক্কো। 


রবিবার ভোরে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে ম্যাচের শুরুতেই ব্রাজিলকে চেপে ধরে মরক্কো। প্রথম ১০ মিনিটে বেশ কয়েকবার আক্রমণে যান আশরাফ হাকিমিরা।


ম্যাচ গুছিয়ে নিতে বেশ সময় লেগেছে ব্রাজিলের। শুরুতে কিছুটা এলোমেলো ফুটবল বেশ ভুগিয়েছে সেলেসাওদের। তার মধ্যে বেশ কয়েকবার বল হারিয়েছেন লুকাস পাকেতারা।  আক্রমণেও ধার ছিল না তেমন। 


মরক্কো সেসবের সুযোগ নিতে চেয়েছে। সেই সুযোগ মরোক্কানরাও পেয়েও যায় দ্রুত। মাঝমাঠ থেকে ব্রাহিম দিয়াজের দারুণ এক পাস থেকে ২১ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন ইসমায়েল সাইবারি। 


বিপদ দেখে গোলরক্ষক আলিসন বেকার পিএসভি আইন্দোফেনের এই স্ট্রাইকারকে রুখতে এগিয়ে এসেছিলেন পেনাল্টি আর্কে। তবে দারুণ গতিতে ছুটে যাওয়া সাইবারি দারুণ এক ফ্লিকে বল জালে পাঠিয়ে দেন আলিসনের মাথার ওপর দিয়ে। ব্রাজিলের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস চেষ্টা করেও তাকে বাধা দিতে পারেননি। 


অবশ্য বেশিক্ষণ এই ব্যবধান ধরে রাখতে পারেনি মরক্কো। ৩২ মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে বক্সের ভেতর দারুণ এক কোনাকুনি শটে জাল খুঁজে নেন ভিনি। ঝাঁপিয়ে পড়েও সেই বল নাগালে নিতে পারেননি মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।


প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সের ভেতর থেকে দারুণ এক বাইসাইকেল কিক নিয়েছিলেন পাকেতা। তবে বুনো সেই শট রুখে দেন দারুণভাবে ঝাঁপিয়ে পড়ে। 


দ্বিতীয়ার্ধে অবশ্য দুই দলই নিজেদের সামলে রেখে খেলেছে। প্রথমার্ধের সেই ঝাঁজ দেখা যায়নি বিরতির পর।


শেষ দিকে গোলের তিনটি সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলের রাফিনহা। ১০ মিনিট অতিরিক্ত সময় পেলেও দুই দল আর জালের দেখা পাননি। 


ব্রাজিল ১৯৩০ ও ১৯৩৪ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। এরপর থেকে আর সেই বিস্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।


২০১৮ বিশ্বকাপে ব্রাজিল বিশ্বকাপ মিশন শুরু করেছিল সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। ৮ বছর পর আরেকবার পয়েন্ট ভাগাভাগি করে বিশ্বকাপ শুরু করল সেলেসাওরা।


আর চোখে চোখ রেখে লড়াই করা মরক্কো প্রথমার্ধে ব্রাজিলের বিপক্ষে নিয়েছে ১১ শট। বক্সের ভেতর বল টাচ করেছে ১২ বার। তবে দ্বিতীয়ার্ধে তেমন কিছু আর দেখাতে পারেনি আফকন চ্যাম্পিয়নরা।