শিবগঞ্জে গৃহপরিচারিকাকে ধর্ষণ ও হত্যা প্রতিবাদে বিক্ষোভ
শিবগঞ্জের মোহনবাগে ১৫ বছরের গৃহপরিচারিকা নয়নী ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে অভিযোগ করা হয়, প্রভাবশালীদের কারণে পুলিশ মামলার তদন্ত ও আসামীদের ধরতে টালবাহানা করছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টায় শিবগঞ্জ মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুলের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ সচেতন শিক্ষার্থী সমাজের আয়োজনে সাধারণ শিক্ষার্থী, নয়নীর স্বজনসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন্
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষার্থী শীষ মোহাম্মদ, সাইমুম সাদাব, লিমন মোস্তাকিন, সানজিদ, মিরাজ ও কাউসার ও নিহত নয়নীর আত্মীয় ও মামলার বাদী আকলিমা বেগম, বেদানা বেগম, রুবী, সোহবুল হক এবং মোস্তাক।
সমাবেশে বক্তারা বলেন, অসহায় নয়নী ধর্ষণ ও হত্যাকাণ্ডকে নিয়ে নানা ধরনের নাটক চলছে। বিভিন্ন স্থান থেকে প্রভাবশালী ও ক্ষমতাবানদের চেষ্টা তদবিরের কারণে পুলিশ মামলার তদন্ত ও বাকি আসামিদের ধরতে বিভিন্ন টালবাহানা করছে। এমনকি মামলা গ্রহণে বাদীপক্ষকে চরম হয়রানী করেছে। আমরা গিয়ে মামলা করিয়েছি।
তারা আরও বলেন, বাদীপক্ষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমাদের দাবি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বাদীসহ নয়নীর পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান তাদের অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ কারও দ্বারা প্রভাবিত না হয়ে সর্বদা নিরপেক্ষভাবে কাজ করে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।