সোমবার, জুন ২২, ২০২৬

দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ১৭ জুন ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ জুন ২০২৬ ০৯:৪২ অপরাহ্ন
দেশের ৭৫ কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ (ফাইল ছবি)

দেশের ৭৫টি কারাগারে বর্তমানে ধারণক্ষমতার চেয়ে প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।


বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আবদুল্লাহ)-এর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৭ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৭৫টি কারাগারের মোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ জন। এর বিপরীতে বর্তমানে কারাগারগুলোতে বন্দি রয়েছেন ৭৭ হাজার ৪০ জন, যা ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ।


তিনি জানান, বন্দিদের মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং নারী ২ হাজার ৭৭ জন। অতিরিক্ত বন্দির কারণে কিছু কারাগারে আবাসন সংকট দেখা দিয়েছে।


মন্ত্রী আরও বলেন, এ সমস্যা সমাধানে ইতোমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ), সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ চালু করা হয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, মাদারীপুর ও পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।


তিনি জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্র্নিমাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। এসব প্রকল্প শেষ হলে ধারণক্ষমতা আরও ২ হাজার ৯৫৫ জন বাড়বে এবং মোট ধারণক্ষমতা দাঁড়াবে ৪৮ হাজার ১৩১ জনে।


এছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্র্নিমাণের প্রকল্পও গ্রহণ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের কারাগারগুলোর ধারণক্ষমতা আরও বৃদ্ধি পাবে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন