চুক্তি লঙ্ঘন করলে ইরানে ‘ভয়াবহ বোমা হামলার’ হুমকি ট্রাম্পের
সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত মেনে না চললে ইরানের ওপর আবারও সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইরান চুক্তি লঙ্ঘন করলে ওয়াশিংটন কোনো আইনি পদক্ষেপের বদলে সরাসরি সামরিক শক্তি প্রয়োগ করবে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের কথা তুলে ধরেছেন ট্রাম্প।
তিনি বলেন, “আমি তাদের জানিয়ে দিয়েছি— আমি বলেছি, ‘দেখুন, আপনারা যদি চুক্তি মেনে না চলেন, যদিও আমি এমনটা করতে চাই না— তবে আমরা আপনাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব।”
ইরান চুক্তির শর্ত মেনে চলবে–এমন আশা প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি না তারা চুক্তি থেকে বিচ্যুত হবে। আর আমি কী-ই বা করতে পারি? আমি কি বলব, তোমাদের বিরুদ্ধে আদালতে যাব? মামলা করব?”
“না, তারা যদি চুক্তি লঙ্ঘন করে, তাহলে আমরা তাদের ওপর ভয়াবহ বোমা হামলা চালাব। আমি সেটা চাই না। আমি চাই তারা চুক্তির প্রতি সম্মান দেখাক।”
তথ্যসূত্র: বাংলানিউজ