মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সান্তাহারে শিশু রাকা হত্যা: পরিবারের পাশে জামায়াতে ইসলামীর নেতারা, আইনি সহায়তার আশ্বাস

আদমদিঘি (বগুড়া) প্রতিনিধি: ১৮ জুন ২০২৬ ০২:৫১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদিঘি (বগুড়া) প্রতিনিধি: ১৮ জুন ২০২৬ ০২:৫১ অপরাহ্ন
সান্তাহারে শিশু রাকা হত্যা: পরিবারের পাশে জামায়াতে  ইসলামীর নেতারা, আইনি সহায়তার আশ্বাস

বগুড়ার সান্তাহারে আলোচিত শিশু হত্যা মামলার ভুক্তভোগী পরিবারকে সমবেদনা জানাতে এবং তাদের পাশে থাকার আশ্বাস দিতে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে  ইসলামী-এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে  সান্তাহারে নিহত শিশু রাকিকা আক্তার রাকা’র পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলটির নেতারা। এসময় তারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানান।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে  ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা প্রচার সম্পাদক ও বগুড়া-৩ আসনে দলটির  মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, আদমদীঘি  উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানী, নায়েবে আমির  ইউনুছ আলী, সান্তাহার পৌর জামায়াতের সেক্রেটারি মির্জা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় নূর মোহাম্মাদ আবু তাহের বলেন, “নির্মমভাবে একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “পরিবারটি সম্মতি দিলে রাকা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার  নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা ও ব্যয়ভার আমরা সাংগঠনিকভাবে বহন করতে চাই। পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করবো।”

উল্লেখ্য, গত ১১ জুন রাতে বগুড়ার সান্তাহার এলাকায় রাকিকা আক্তার রাকা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আমজাদ, তার স্ত্রী বন্যাসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।