মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ঈশ্বরদীতে ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

ঈশ্বরদী প্রতিনিধি ১৮ জুন ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১৮ জুন ২০২৬ ০৯:৫৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে ধর্ষণ ও হত্যা মামলার আসামির ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুরে দাদীকে হত্যা এবং নাতনীকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার প্রধান আসামিসহ ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।


বৃহস্পতিবার (১৮ জুন) পাবনা-দাশুড়িয়া মহাসড়কের কালিকাপুর ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকার সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সংঘটিত দাদী-নাতনী হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অথচ ওই ঘটনার আসামী গ্রেপ্তারের ৪ মাসেও বিচার হয়নি। আন্দোলনকারীরা এ ঘটনায় জড়িত সকল আসামির দ্রুত বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।


মানববন্ধন শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী পাবনা-দাশুড়িয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। 


এ সময় মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ দ্রুত বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে এ সময় তারা বিভিন্ন শ্লোগানের মাধ্যমে আসামিদের দ্রুত ফাঁসির দাবি জানান এবং বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত না করার দাবি জানান। প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।