বাঘায় বিদ্যুতের খুঁটিতে উঠে মৃত্যু, ঝুলেছিল মরদেহ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে উঠে মামুন আলী (৩০) নামের যুবকের মৃত্যু হয়েছে। এসময় তার মরদেহ খুঁটিতে ঝুলতে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যায়।
শুক্রবার (১৯ জুন) সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার হামিদকুড়া গোচর গ্রামে। তিনি গোচর গ্রামের মৃত ভাদু কসাইয়ের ছেলে।
এর আগে স্থানীয়রা ভোরবেলায় মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ বলছে, খুঁটিতে থেকে তার চুরি করার জন্য উঠে তার মৃত্যু হয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, কয়েকদিন ধরে এলাকায় লোডশেডিং চলছিল। এই সুযোগে রাতের কোনো এক সময়ে বিদ্যুতের খুঁটিতে উঠে মামুন। খুঁটিতে থাকা তার চুরির চেষ্টা করেন। এ সময় খুঁটিতে বিদ্যুৎ প্রবাহ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, স্থানীয়রা বৈদ্যুতিক খুঁটিতে তার মরদেহ ঝুলে থাকতে দেখে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতা নিয়ে তার মরদেহ নামিয়ে নিয়ে আসা হয়। মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত করার জন্য। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।