ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলার সাজাপ্রাপ্ত বিএনপি নেতার মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন মারা গেছেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শুক্রবার (১৯ জুন) তিনি তার বাড়িতে মৃত্যুবরণ করেন। মুক্তার হোসেন পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রদল, ঈশ্বরদী উপজেলা ছাত্রদল ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। শেখ হাসিনার ট্রেনে হামলা মামলায় দশ বছর সাজাপ্রাপ্ত হয়ে সাড়ে ৫ বছর কারাভোগ শেষে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি মুক্তিলাভ করে অসুস্থ অবস্থায় বাড়িতেই অবস্থান করছিলেন।
জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ঈশ্বরদীতে তৎকালীন বিরোধদলীয় নেতা শেখ হাসিনার ট্রেনবহরে হামলা, গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০১৯ সালের ৩ জুলাই পাবনার জেলা ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুস্তম আলী ৯ জনের ফাঁসি, ২৫ জনের জাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সাজাসহ ৪৭ জন বিএনপি নেতাদের বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করলে সেসময় দেশজুড়ে আলোচিত হয় এ রায়। এর ৩ দিন আগে ওই বছরের ৩০ জুন আসামীরা আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামীলীগ শাসনামলের সেই আলোচিত মামলা জুলাই আন্দোলনে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর খারিজ করে উচ্চ আদালত। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে শুনানির মাধ্যমে দেশের বিভিন্ন কারাগার থেকে একে একে মুক্তিলাভ করেন এসব বিএনপি নেতারা।