মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল ম্যাচে ৫০০ বছরের পুরনো বল

সোনার দেশ ডেস্ক ২০ জুন ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ২০ জুন ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল ম্যাচে ৫০০ বছরের পুরনো বল

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার যোগ হতে যাচ্ছে এক অনন্য অধ্যায়। প্রায় ৫০০ বছর পুরনো বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল প্রথমবারের মতো উপস্থিত থাকবে ফিফা বিশ্বকাপের একটি ম্যাচে।

স্কটল্যান্ডের ঐতিহাসিক এই ফুটবলটি ২৪ জুন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ম্যাচ উপলক্ষে সেখানে নেওয়া হচ্ছে। প্রায় পাঁচ শতকের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো বিশ্বকাপের সঙ্গে সরাসরি যুক্ত হতে যাচ্ছে বলটি।

১৯৭০ এর দশকে সংস্কার কাজের সময় স্কটল্যান্ডের স্টার্লিং দুর্গের কুইন্স চেম্বারের কাঠের প্যানেলের পেছনের অংশ থেকে বলটি উদ্ধার করা হয়। বৈজ্ঞানিক পরীক্ষায় জানা যায়, এটি ১৫৪০ থেকে ১৫৭০ সালের মধ্যকার সময়ের তৈরি।

এটি ছিল স্কটল্যান্ডের রাজা পঞ্চম জেমস এবং শিশু বয়সের মেরি কুইন অব স্কটসের সময়কাল।

ছোট একটি তরমুজের আকারের এই বলটি মোটা চামড়ার কয়েকটি খণ্ড সেলাই করে তৈরি করা হয়েছিল।

এর ভেতরে ব্যবহার করা হয়েছিল শূকরের মূত্রথলি, বাইরের অংশ উল্টো করে বসানো হয়েছিল যাতে পৃষ্ঠটি আরও মসৃণ থাকে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতিপ্রাপ্ত এই ফুটবলকে বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল হিসেবে ধরা হয়। এটি বর্তমানে স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামের সবচেয়ে মূল্যবান সংগ্রহগুলোর একটি। জাদুঘরটির সংগ্রহে ৪০ হাজারের বেশি শিল্পকর্ম ও ঐতিহাসিক বস্তু রয়েছে।

স্টার্লিং স্মিথ আর্ট গ্যালারি অ্যান্ড মিউজিয়ামের পরিচালক ক্যারোলিন ম্যাথার্স বলেন, ‘এটি আমাদের জাদুঘরের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর মুহূর্ত। স্টার্লিংয়ের এই ঐতিহ্যবাহী সম্পদকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের সঙ্গে যুক্ত হতে দেখা আমাদের জন্য অত্যন্ত গর্বের।’

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ফুটবলটি মায়ামির কোরাল গ্যাবলস মিউজিয়ামে ২০ থেকে ২৬ জুন পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য প্রদর্শন করা হবে। এর আগে স্কটল্যান্ড ছাড়ার সময় স্টার্লিং স্মিথে একটি বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যসূত্র: বাংলানিউজ