মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

চিন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

সোনার দেশ ডেস্ক ২০ জুন ২০২৬ ১০:০২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ জুন ২০২৬ ১০:০২ অপরাহ্ন
চিন সফরের আগে পররাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ‘সৌজন্য সাক্ষাৎ’ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তবে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, তিনি ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পক্ষে সমর্থন চাইতে এসেছেন।


বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার কথা বলেন। তিনি বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে বিশ্বকাপ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র। তাই আমি এখানে পররাষ্ট্রমন্ত্রী এবং সব বাংলাদেশিকে অনুরোধ করতে এসেছিলাম, যেন তারা সামনের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।


বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও যোগ করেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।


প্রধানমন্ত্রীর চিন সফরের আগে মার্কিন রাষ্ট্রদূতের এমন সাক্ষাৎ নিয়ে কূটনৈতিক মহলে আছে নানা কৌতূহল। মার্কিন রাষ্ট্রদূত আসার বিষয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ূন কবির জানান, রাষ্ট্রদূতের এই বৈঠকটি ছিল নিয়মিত কূটনৈতিক সাক্ষাৎ।


তবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়, পারস্পরিক বাণিজ্য সহজতর করা, উন্নয়নমূলক সহযোগিতা জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা খুঁজে বের করার মতো বিষয়গুলি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।-বাংলা ট্রিবিউন