আগামী পাঁচ বছরে ঈশ্বরদীতে কোনো কাঁচা রাস্তা থাকবে না : এমপি তালেব
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে ঈশ্বরদীতে কোনো কাঁচা রাস্তা থাকবে না। তিনি বলেন, পাঁচ বছর নয়, দুই বছর সময় পেলেই আমার নির্বাচনী এলাকার সব কাঁচা রাস্তা পাকা করা হবে।
ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নে দলীয় কার্যালয়ে শনিবার (২০ জুন) অনুষ্ঠিত সাঁড়া ইউনিয়ন জামায়াতের কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি দুই-আড়াই মাসের মধ্যে সকল রাস্তার তালিকা তৈরি করেছি। তবে কাজ সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি প্রশাসনের পাশাপাশি অভিভাবকদের ও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে এবং শুধু সাঁড়া ইউনিয়ন নয়, পুরো ঈশ্বরদী উপজেলাকে মাদকমুক্ত করা হবে।
ঈশ্বরদীতে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কিত তিনি বলেন, আপনারা একটু শক্ত হোন, কেউ চাঁদা দেবেন না। এরপর কে কী করে, তা আমাকে জানাবেন।
ঈশ্বরদী ফ্লাইওভার প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয়ে কথা বলেছি আগামী মাসে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ের একটি দল ঈশ্বরদী পরিদর্শনে আসার কথা রয়েছে। ঈশ্বরদী বিমানবন্দর চালুর বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে তিনি কথা বলেছেন বলে জানান। তিনি আরও বলেন, গত চার মাসে ডিও লেটারসহ বিভিন্নভাবে ঈশ্বরদী ও আটঘরিয়ার জন্য প্রায় ৮০ কোটি টাকার উন্নয়নকাজ হাতে নেওয়া হয়েছে ।
সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক খানের সভাপতিত্বে ও সেক্রেটারি আক্কাস আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান, তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, নায়েবে আমির মাওলানা নূর মোহাম্মদ, সেক্রেটারি মোহাম্মদ সাইদুল ইসলাম, জামায়াত নেতা সাইফুদ্দিন খান প্রমুখ।