মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ২০ জুন ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২০ জুন ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০ টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের সম্মেলন কক্ষে কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিচারিক কার্যক্রমের গতিশীলতা আনতে, বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার নিশ্চিত করতে, বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে ও বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার করতে রাজশাহী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।


কনফারেন্সের সভাপতিত্ব করেন রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক। কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন এবং অন্যান্য দপ্তরের মধ্যে পারস্পারিক অভিজ্ঞতা আদান-প্রদানের  মাধ্যমে বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।


কনফারেন্সে রাজশাহীর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক সমন জারি, গ্রেফতারি-হুলিয়া ও ক্রোকি পরোয়ানা তামিল,পুলিশ কর্তৃক মামলায় সাক্ষী উপস্থিত করা, আদালতে আসা-যাওয়ার পথে এবং আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ইনকোয়ারি বা ইনভেস্টিগেশন এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা দুর করা, সময়মতো মেডিক্যাল সার্টিফিকেট, ময়না তদন্ত প্রতিবেদন, ফরেনসিক-ভিসেরা রিপোর্ট প্রাপ্তি, হাসপাতালের ছাড়পত্রে জখমের চিহ্ন সুস্পষ্ট জরা, হুলিয়া জারি এবং সম্পত্তি জব্দ করার বিষয়ে দ্রুত প্রতিবেদন প্রাপ্তি, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন, বিচারাধীন আসামীদের জেল-হাজত থেকে আদালতে সময়মতো উপস্থিত করা, মামলায় জব্দকৃত আলামতের নিষ্পত্তি-ধ্বংসের ব্যবস্থা করা, নিলাম বিক্রয়ের বিষয়, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য গ্রহনীয় পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিচার প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের পারস্পরিক বোঝাপাড়া ও আন্তরিক প্রচেষ্টায় যৌক্তিক সময়ের মধ্যে বিচার প্রত্যাশী জনগণের ন্যায় বিচার নিশ্চিত হবে এই আশাবাদ ব্যক্ত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।


কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে কর্মরত সকল বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, পিবিআই পুলিশ সুপার, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি, রাজশাহী মেডিকেলের তত্ত্বাবধায়কের প্রতিনিধি, র‌্যাব প্রতিনিধি,  বিজিবি প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, সিআইডি প্রতিনিধি, ডিবি পুলিশের প্রতিনিধি, জেল সুপারের প্রতিনিধি, রাজশাহী অ্যাডভোকেট বার এসোসিয়েশন এর সভাপতি-সাধারণ সম্পাদক,  পাবলিক প্রসিকিউটর, প্রবেশন অফিসার এবং রাজশাহী জেলার সকল থানার অফিসার ইন-চার্জসহ আরও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।