সোমবার, জুন ২২, ২০২৬

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণে পুলিশ আহত

নিজস্ব প্রতিবেদক ২০ জুন ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২০ জুন ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুর, ককটেল বিস্ফোরণে পুলিশ আহত

রাজশাহীতে খাবার দিতে দেরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুটি রেস্তোরাঁয় ভাঙচুর এবং পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। 


শুক্রবার (১৯ জুন) রাত ৯টার পর নগরীর বিনোদপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম মো. ফয়েজ। তিনি মতিহার থানায় কনস্টেবল পদে কর্মরত। ককটেলের বিস্ফোরণে তিনি পায়ে আঘাত পান। তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিভাগীয় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত রমজান বিনোদপুর এলাকার বাসিন্দা।


পুলিশ, একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিনোদপুরে বাংলা টিফিন নামের ওই রেস্তোরাঁয় খাবার কিনতে যান রমজান। খাবার দিতে দেরি হওয়ায় হোটেলের এক কর্মচারী ও কর্তৃপক্ষের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এর কিছু সময় পর রমজানের অনুসারীরা ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাংলা টিফিনের পাশাপাশি একই মালিকের আরেকটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালান। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ ও রেস্তোরাঁর কর্মীদের লক্ষ্য করে অন্তত তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ৩০-৪০ জনের একটি দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করে রেস্তোরাঁটি ভাঙচুর করছেন।


এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বাংলা টিফিন ও বঙ্গভোজের স্বত্বাধিকারী মুর্শেদ শাকিল বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে—তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না। আপাতত রাজশাহীর বাইরে আছেন তিনি।


অভিযোগের বিষয়ে জানতে রমজানের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।


মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর বলেন, রমজানকে প্রথমে এক প্যাকেট পার্সেল খাবার দেওয়া হয়। পরে আরেকটি প্যাকেট দিতে ২০ মিনিট সময় লাগবে জানালে রমজান উত্তেজিত হয়ে তর্কে জড়ান। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এর মধ্যেই তাঁর লোকজন দুটি রেস্তোরাঁয় হামলা চালান।


ওসি আরও বলেন, পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া রেস্তোরাঁর মালিকও হামলার ঘটনায় পৃথক মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলা টিফিন ও বঙ্গভোজে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা। শনিবার (২০ জুন) দুপুর ১২টায় সাহেববাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহসভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহযুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব ও রেস্তোরাঁ শ্রমিক নেতা জহিরুল ইসলাম প্রমুখ। 


মানববন্ধনে বক্তারা বাংলা টিফিন রেস্তোরায়ঁ হামলা ও লুটপাটের ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও ক্ষতি পূরণের দাবি জানান।