রবিবার, জুন ২১, ২০২৬

কুইজ জিতে রাশিয়া যাচ্ছেন ঈশ্বরদীর মেধাবী ভাই-বোন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২১ জুন ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ২১ জুন ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন
কুইজ জিতে রাশিয়া যাচ্ছেন ঈশ্বরদীর মেধাবী ভাই-বোন

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন ‘রসাটম’Ñএর আন্তর্জাতিক ‘গ্লোবাল এটমিক কুইজ’ অনূর্ধ্ব-১৬ এবং ১৮-২৫ ক্যাটাগরির প্রতিযোগীতায় অংশগ্রহণ করে রাশিয়ায় ৮ দিনের রাষ্ট্রীয় সফরের সুযোগ পেয়েছে আপন ভাই-বোন ঈশ্বরদীর দুই মেধাবী শিক্ষার্থী। মঙ্গলবার তারা রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বলে নিশ্চিত করেছে রসাটম। এরা হলেন ঈশ্বরদী পৌর এলাকার নূরমহল্লার বাসিন্দা সমর কর্মকারের দুই সন্তান ঈশ্বরদীস্থ আর.এ.আর.এস. হাই স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সিদ্ধা কর্মকার এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী দুর্জয় কর্মকার।

আগামী ২৬ জুন রাশিয়ার ঐতিহাসিক বিজ্ঞান নগরী ওবনিন্সকে অনুষ্ঠিতব্য ‘৪র্থ ইন্টারন্যাশনাল ইয়ুথ নিউক্লিয়ার ফোরাম অবনিনস্ক নিউ’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এই দুই ভাই-বোন। গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘গ্লোবাল এটমিক কুইজ’-এর অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে বিশ্বব্যাপী শীর্ষ তিনজনের মধ্যে মাত্র ১২ বছর বয়সী সিদ্ধা কর্মকার এবং তার ভাই দূর্জয় কর্মকার ১৮-২৫ বছর ক্যাটাগরিতে বিশ্বের সেরা ১০০ জনের মধ্যে স্থান অর্জন করেন।  

উল্লেখ্য, ১৯৫৪ সালের ২৬ জুন ওবনিন্সকেই বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়। সেই ঐতিহাসিক ঘটনার ৭০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এ বছর এই আন্তর্জাতিক ফোরামের আয়োজন করা হয়েছে। ফোরামে বিশ্বের খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং তরুণ নেতৃত্বদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন সিদ্ধা কর্মকার ও দূর্জয় কর্মকার। পারমাণবিক শক্তির ভবিষ্যৎ, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা, বৈজ্ঞানিক সেমিনার ও বিশেষায়িত কর্মশালায় অংশ নিয়ে নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় তুলে ধরবেন দুই ভাই-বোন।

ফোরামের আনুষ্ঠানিকতা শেষে তারা রাশিয়ার রাজধানী মস্কো ভ্রমণ করবেন। সফরসূচিতে রেড স্কয়ার, ক্রেমলিন, সেন্ট বেসিলস ক্যাথেড্রাল এবং বিখ্যাত ‘অ্যাটম’ প্যাভিলিয়নসহ বিভিন্ন ঐতিহাসিক ও বিজ্ঞানভিত্তিক স্থাপনা পরিদর্শনের কর্মসূচি রয়েছে। আগামী ৩০ জুন তারা দেশে ফিরবেন। এ বিষয়ে সিদ্ধা কর্মকার বলেন, আন্তর্জাতিক এই বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। গ্লোবাল এটমিক কুইজে অংশ নেওয়ার সময় এমন সাফল্যের কথা কল্পনাও করিনি। বিশ্বের সেরা তিনজনের একজন হওয়া যেমন বড় অর্জন, তেমনি রাশিয়ার ঐতিহাসিক বিজ্ঞাননগরী ওবনিন্সকে যাওয়ার সুযোগ পাওয়াটা আমার জীবনের অন্যতম বড় সম্মান। দূর্জয় কর্মকার এ বিষয়ে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ঈশ্বরদীতে বাস্তবায়িত হচ্ছে বলে আমরা এমন সুযোগ পাচ্ছি এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার।