সোমবার, জুন ২২, ২০২৬

হোটেল শ্রমিক শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ২১ জুন ২০২৬ ১১:১৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২১ জুন ২০২৬ ১১:১৩ অপরাহ্ন
হোটেল শ্রমিক শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রংপুরের হোটেল শ্রমিক শাওন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও হত্যায় অভিযুক্ত হোটেল মালিকের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়েছে। 


রোববার (২১ জুন) বিকেল পাঁচটায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আয়োজন করে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ রাজশাহী জেলা শাখা। কর্মসূচিতে সাধারণ হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক অংশ নেন। 


মানববন্ধনে বক্তারা বলেন, হোটেল শ্রমিক শাওনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের মূল হোতা হোটেল মালিক মনুকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইএলও কনভেনশন বা আন্তর্জাতিক শ্রম সংস্থার বিধি অনুযায়ী নিহত শাওনের পরিবারকে আজীবন আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার জোর দাবি জানান শ্রমিক নেতারা।


হোটেল সেক্টরে চলমান বৈষম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। অবিলম্বে সকল হোটেল ও রেস্তোরাঁ শ্রমিকদের আনুষ্ঠানিক নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদানসহ প্রচলিত শ্রম আইন বাস্তবায়নের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


সংগ্রাম পরিষদের রাজশাহী জেলার আহ্বায়ক ফিরোজ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মিঠু, জহুরুল ইসলাম, রেন্টু সদস্য আব্দুল মমিন, শ্রমিক নেতা আইয়ুব হোসেন কাইয়ুম, হুমায়ুন রেজা জেনু এবং মোহাম্মদ জাহিদ।