মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

২৩ জুন ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনকে রুখে দেবে ১৮ হাজার পুলিশ

সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১১:৫০ পূর্বাহ্ন
২৩ জুন ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা, নিষিদ্ধ সংগঠনকে রুখে দেবে ১৮ হাজার পুলিশ
ডিএমপি লোগো

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সোমবার (২৩ জুন) প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও জনগণের যানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রোববার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

বিশেষ এই দিনটি উপলক্ষে রাজধানীজুড়ে ২০০টিরও বেশি কৌশলগত স্থানে পুলিশের বিশেষ পিকেট ও চেকপোস্ট ডিউটি পরিচালনা করা হবে। একই সঙ্গে ঢাকার নিরাপত্তা নিশ্চিত করতে মহানগরের সবকটি প্রবেশপথে কড়া চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম জোরদার থাকবে, যাতে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারেন।

নিয়মিত পুলিশের পাশাপাশি মাঠে সক্রিয় থাকবে ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো। এর মধ্যে ডিবি (গোয়েন্দা শাখা) এবং সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে।

পাশাপাশি যে কোনো ধরনের আগাম নাশকতা বা ষড়যন্ত্র রুখে দিতে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) এবং আইএডি (ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন) ব্যাপক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করবে।

যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মহানগরের বিভিন্ন পয়েন্টে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।

এছাড়া ঢাকার চারটি প্রধান কন্ট্রোলরুমে জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য পর্যাপ্ত সংখ্যক ফোর্স স্ট্যান্ডবাই বা রিজার্ভ রাখা হবে, যেন ডাক পাওয়া মাত্রই তারা অ্যাকশনে যেতে পারে।

নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির ১৮ হাজারেরও বেশি অফিসার ও ফোর্স মাঠে থেকে নিরলসভাবে দায়িত্ব পালন করবে। ডিএমপির এই বিশাল নিরাপত্তা কর্মযজ্ঞ কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকছে না, বরং স্বয়ং ডিএমপি কমিশনারসহ পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে মাঠে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা ডিউটি তদারকি ও দিকনির্দেশনা দেবে। 

জুন মাসে এ যাবত ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ডিএমপি জুনের শুরু থেকে ২০ তারিখ পর্যন্ত গত ২০ দিনে মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে রাজনৈতিক মামলায় ৮২, ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ২৮, চুরি সংক্রান্তে ১২১, দস্যুতায় ১১৩ ও ডাকাতি সংক্রান্তে ১২০ জনকে গ্রেপ্তার করেছে। ডিএমপির সব থানা ,ডিবি ও সিটিটিসি ইউনিটসহ জুন মাসে এ পর্যন্ত ৫৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে চারজন তালিকাভুক্ত চাঁদাবাজ। 

ডিএমপির পক্ষ থেকে নগরবাসীকে আশ্বস্ত করে জানানো হয়েছে, যে কোনো মূল্যে রাজধানীর শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি বদ্ধপরিকর।

তথ্যসূত্র: বাংলানিউজ