মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ঈশ্বরদীতে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িতে অগ্নিসংযোগ, নারীসহ ৮ জন আহত

ঈশ্বরদী প্রতিনিধি ২২ জুন ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ২২ জুন ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বাড়িতে অগ্নিসংযোগ, নারীসহ ৮ জন আহত

পাবনার ঈশ্বরদীতে দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়ি-ঘরে আগুন ও হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ৮ জন আহত হয়েছেন। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন কল্পনা খাতুন, শরিফ আহমেদ, তুষার আহমেদ, ফারুক হোসেন, রানী খাতুন, লাইলি বেগম, সুমাইয়া খাতুন, রিমি খাতুন।


স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, গত ২৩ মে গড়গড়ি গ্রামের কদম আলীর ছেলে আনোয়ার হোসেন ভোলা তার ৪ বছর বয়সী কন্যাশিশুকে শ্লীলতাহানির অভিযোগ এনে একই এলাকার মুদি দোকানী রাহাত আলী প্রামাণিকের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রাহাত আলী প্রামাণিককে গ্রেপ্তার করে পাবনা জেলা কারাগারে পাঠায়।


রাহাত আলী প্রামাণিকের মেয়ে সুমাইয়া খাতুন জানান, গতকাল সোমবার দুপুরে তার মা কল্পনা খাতুন আনোয়ার হোসেন ভোলার বাড়িতে দোকানের প্রায় ৫ হাজার টাকা বকেয়া পাওনা চাইতে যান। এ সময় আনোয়ার হোসেন ভোলা, তার মা রুনি বেগম ও ভাবী রিমি খাতুন ক্ষিপ্ত হয়ে কল্পনা খাতুনকে মারধর করেন।


এদিকে এ ঘটনার খবর পেয়ে ফারুক হোসেন, আব্দুল মমিন, তরিকুল ইসলাম তুষার, লাইলী, রিনি ও রাণী এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র ব্যবহার করে তাদের মারাত্মকভাবে জখম করে। এতে ফারুক হোসেনের একটি হাত ভেঙে যায় এবং আব্দুল মমিন ও তরিকুল ইসলাম তুষারের মাথায় গুরুতর আঘাত লাগে।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনার পর আনোয়ার হোসেন ভোলার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। 


ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।