পাহাড়পুর বৌদ্ধবিহারে বিদেশি পর্যটকে উত্তপ্ত করে ভিডিও তৈরি করায় টিকটকার আটক
নওগাঁর বদলগাছী ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে এক চিনা নাগরিককে উত্তপ্ত করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এক টিকটকারকে আটক করেছে টুরিস্ট পুলিশ। সোমবার দুপুরে কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল মাবুত (হিরো নানা) কে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটককৃত জয়পুরহাট জেলার চন্ডিপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘হিরো নানা’ নামে পরিচিত।
৩০ সেকেন্ডের ঔই ভিডিওতে দেখা যায়, বিদেশি পর্যটক কে আব্দুল মাবুত নামে এক যুবক প্রশ্ন করছে, বাংলা ভাষা যে কঠিনের কঠিন, কিচ্ছু বোঝে না। আচ্ছা বিয়া সাধি করেন নি, খালি হাসে। বাচ্চা কয়টা, তাও হাসে। বাসা কোথায়, গালামুনা কিরে, শোনেন আমার এই ছলটাকে একটু গালাও তো, হারামজাদা, বদমায়েশ বলে, ওমা কিচ্ছু বোঝে না। এমনি ভাবে উত্তপ্ত করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় তীব্র সমালোচনা।
এ বিষয়ে টুরিস্ট পুলিশ থেকে জানা যায়, তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাঁকে বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে। টুরিস্ট পুলিশ আরো জানায়, তার বিরুদ্ধে সম্প্রতি পাহাড়পুর বৌদ্ধবিহার পরিদর্শনে আসা এক চীনা পর্যটকের সঙ্গে আপত্তিকর হেনস্তার অভিযোগ ওঠে। এ সময় ওই পর্যটকের ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর টুরিস্ট পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।
তাহির ইবনে মোহাম্মদ নয়ন নামে স্থানীয় একজন বাসিন্দা জানান, একজন বিদেশি পর্যটক আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহারে উত্তপ্ত করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। যা কোনভাবেই কাম্য নয়। একজন আটক হওয়ার খবর শুনলাম। জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আরেক বাসিন্দা রেজাউন নবী স্যান্ডু বলেন, “পাহাড়পুর বৌদ্ধবিহারে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করার দাবি জানাই। সেই সাথে যারা পাহাড়পুর বৌদ্ধ বিহারের সুনাম নষ্ট করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”