অপরাধের গ্রাফ বিগত যেকোনো সময়ের চেয়ে নিম্নমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধের গ্রাফ বিগত যেকোনো সময়ের চেয়ে নিম্নমুখী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২২ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। বস্তুনিষ্ঠ তথ্য ও মাসিক পরিসংখ্যান অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারসহ বিগত যেকোনো সরকারের আমলের তুলনায় বর্তমানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে কম।
পুলিশ বাহিনীর ওপর জনগণের আস্থার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এখানে আস্থা বা অনাস্থার কোনো প্রশ্নই আসে না। আমাদের পুলিশ বাহিনী বহু কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করেছে।
প্রয়োজন অনুযায়ী পুলিশকে সহযোগিতা করতে বিজিবি কিংবা সেনাবাহিনী মোতায়েন একটি নিয়মিত আইনি প্রক্রিয়া। গত ১৫ জুন দীর্ঘ প্রায় দেড় বছর মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শেষে সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হলেও বর্তমান বিশেষ পরিস্থিতিতে কেবল সুনির্দিষ্ট এলাকায় এই সীমিত মোতায়েন সম্পন্ন করা হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান। সংসদ সদস্য কিংবা সাধারণ নাগরিক, আইনের ঊর্ধ্বে কেউ নন। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ প্রক্রিয়া মেনে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এগারো দলীয় রাজনৈতিক জোটের সমাবেশ ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো সমাবেশ করছে, এটি দেশে গণতন্ত্র বিকাশেরই বহিঃপ্রকাশ। তারা তাদের বক্তব্য জনগণের সামনে তুলে ধরার পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন। আমরাও আমাদের কথা জনগণের মাঝে তুলে ধরব।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন