রবিবার, আগস্ট ২৩, ২০২৬

এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী

সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১১:০৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ জুন ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
এবারও ম্যাজিস্ট্রেসি পেল সেনাবাহিনী

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশের ছয় জেলায় মোতায়েন করা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।


এই ছয় জেলায় সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার চেয়ে বড় পদের কর্মকর্তারা এই ক্ষমতা পাবেন বলে সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।


কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার প্রয়োগ করতে পারবেন।


প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগর এলাকা এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাবেন।


এর আগে রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।


এ বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর লেখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, “কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।


“এমতাবস্থায়, ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে ২২ জুন হতে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”


সেনা মোতায়েনের সিদ্ধান্ত সামনে আসার পর এর কারণ ব্যাখ্যা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।


সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের ‘অপতৎপরতা বৃদ্ধি পাওয়ায়’ এ সিদ্ধান্ত হয়েছে।


“কোনো কোনো জায়গায় তাদের (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে, সে ব্যাপারে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।”


‘আরো কিছু বিষয়’ আছে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, “সেগুলো ফাঁস করতে চাই না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য কিছু মহল অপতৎপরতায় লিপ্ত আছে, সেজন্য আমরা অ্যালার্ট থাকার অংশ হিসাবে এ সিদ্ধান্ত নিয়েছি।”


ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারা অনুযায়ী সেনা কর্মকর্তারা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করবেন।


এসব ধারায় গ্রেপ্তার ও গ্রেপ্তারের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি, অসদাচরণ ও ছোটোখাটো অপরাধের জন্য মুচলেকা আদায়, মুচলেকা থেকে অব্যাহতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।


একই সঙ্গে স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবেন তারা।


ফৌজদারি কার্যবিধির যে ১৭ নম্বর ধারায় সেনা কর্মকর্তাদেরকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের এ ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে এসব নির্বাহী হাকিমরা জেলা ম্যাজিস্ট্রেট, অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকার কথা বলা আছে।


তথ্যসূত্র: বিডিনিউজ