পা ভাঙা রাজহাঁস নিয়ে থানায় নারী
হাঁস নিয়ে থানায় গিয়ে প্রতিবেশীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন এক নারী।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি রাজহাঁসের পা ভেঙে দেওয়ার প্রতিবাদ করায় সুরমা (২০) নামে এক নারী ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২২ জুন) শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাড়ৈখালি এলাকার বাসিন্দা সুরমার একটি রাজহাঁস সোমবার সকাল ১১টার দিকে প্রতিবেশী কালাম (৩৫), আনোয়ার (৪০) ও সামসুল মোল্লার (৪৫) বাড়িতে যায়। এ সময় অভিযুক্তরা রাজহাঁসটির একটি পা ভেঙে দেন। বিষয়টি জানতে পেরে সুরমা প্রতিবাদ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে সুরমা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে সুরমাসহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ভুক্তভোগী সুরমা বলেন, “আমার রাজহাঁসের পা ভেঙে দেওয়ার বিচার চাইতে গিয়ে উল্টো হামলার শিকার হতে হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্ত বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তথ্যসূত্র: রাইজিংবিডি