ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যু, ওসি প্রত্যাহার
ফরিদপুরের মধুখালীতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে ইশতিয়াক আহমেদ প্রান্ত নামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার মৃত্যুর ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম (এসপি) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
ওই আদেশে বলা হয়, ডিবি সদর জোন থেকে ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করে একই দিন দুপুর ১টার মধ্যে ফরিদপুর পুলিশ লাইনসে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
নিহত ছাত্রলীগ নেতা প্রান্ত ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা ও ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের দাবি, গত শনিবার (২০ জুন) বিকেলে ডিবি পুলিশ প্রান্তকে আটক এবং তার মায়ের সামনেই মারধর করে। পরদিন রোববার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
তবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী বলেছিলেন, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও সিটি স্ক্যানে দেখা যায়, প্রান্ত ব্রেন স্ট্রোকের শিকার হয়েছেন। তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা নির্যাতনের আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ জুন রাতে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় জেলা ডিবির একটি বিশেষ অভিযানে প্রান্তকে আটক করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছিল। আটকের কিছু সময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনাটিকে গুরুত্ব দিয়ে ফরিদপুর জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর মধ্যে ডিবির ওসিকে প্রত্যাহার করা হলো।
তথ্যর্সূত্র: বাংলানিউজ